জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধনে বিল তোলা হয়েছে। বুধবার পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল’ সংসদে তোলেন। বিলটি পরীক্ষা করে দুই দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলে বলা হয়েছে, ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণে যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে এমন কোনো শর্ত আরোপ করা যাবে না, যা অপ্রয়োজনীয়ভাবে নতুন নিবন্ধিত ব্যক্তি বা নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে।
এর আগে সরকার এ-সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছিল। সেটি রহিত করে আইনে সংশোধন আনতে বিলটি তোলা হয়েছে।
বিলে বলা হয়েছে, ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণে যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে এমন কোনো শর্ত আরোপ করা যাবে না, যা অপ্রয়োজনীয়ভাবে নতুন নিবন্ধিত ব্যক্তি বা নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে। কেবল দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক টার্নওভার, সরকারি প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা অথবা একক বৃহৎ চুক্তি সম্পাদনের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে নির্ধারণ করা যাবে না। তবে ক্রয়কারী বিশেষ ক্ষেত্রে ক্রয়কার্যের প্রকৃতি, জটিলতা ও ঝুঁকি বিবেচনা করে বিশেষ শর্ত আরোপ করতে পারবে।
বিলে বলা হয়েছে, সরকার দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সরকারি ক্রয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে প্রত্যক্ষ অবদান বৃদ্ধির লক্ষ্যে সরকারি ক্রয়ে বাংলাদেশে উৎপাদিত বা প্রস্তুতকৃত পণ্যকে অগ্রাধিকার অথবা নির্দিষ্ট শ্রেণির দেশীয় পণ্য ক্রয় বাধ্যতামূলক করতে পারবে।
বিলে আরও বলা হয়েছে, দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, নতুন দরপত্রদাতা, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র দরপত্রদাতা বা নারী দরপত্রদাতা অথবা সুযোগবঞ্চিত ব্যক্তিদের ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সরকার যোগ্যতার শর্তাদি শিথিল করতে পারবে।
বিলে বলা হয়েছে, কোনো বিদেশি ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই আইনের অধীন প্রাক্-যোগ্যতা, আগ্রহ ব্যক্তকরণ বা দরপত্র বা প্রস্তাব দলিলে অংশগ্রহণ করতে চাইলে আবশ্যিকভাবে বাংলাদেশি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের সঙ্গে যৌথ উদ্যোগ গঠন করতে হবে।