জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারের পুনর্বাসন কার্যক্রম গতিশীল রাখতে সংসদ সদস্যদের (এমপি) এক মাসের বেতন অনুদান দেওয়ার প্রস্তাবকে জোরালো সমর্থন জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী নূরুল হক নূর।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই সমর্থন জানান।
নূর বলেন, জুলাই যোদ্ধাদের সহায়তায় এমপিদের এক মাসের বেতন ‘জুলাই ফাউন্ডেশন’-এ প্রদান দাবির সঙ্গে আমি একমত। ‘জুলাই’ না হলে আমরা কেউ আজ এমপি/মন্ত্রী হতে পারতাম না। জুলাই যোদ্ধাদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ।
এর আগে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর জানান, ফাউন্ডেশনটি বর্তমানে তীব্র আর্থিক সংকটের মুখোমুখি। শহীদ ও আহতদের সেবায় গঠিত এই প্রতিষ্ঠানের অপারেশনাল অ্যাকাউন্টে বর্তমানে এক লাখ টাকারও কম অর্থ অবশিষ্ট রয়েছে, যেখানে এক মাসে অপারেশনাল খরচই ২০ থেকে ২৫ লাখ টাকা।
এছাড়া মূল অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৩ কোটি ৮০ লাখ টাকা বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। যেখানে জুলাই যোদ্ধাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রয়োজন ২৩৭ কোটি টাকা। এমন পরিস্থিতিতে কার্যক্রম সচল রাখতে তিনি দেশের সব সংসদ সদস্যের কাছে এক মাসের বেতন অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়কে এগিয়ে আসার অনুরোধ জানান।
এসআর