হোম > জাতীয়

হিট প্রকল্প পরিচালককে অব্যাহতি, নতুন দায়িত্বে অধ্যাপক রাকিবুল

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রকল্পটির নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের অধ্যাপক ড. মো. রাকিবুল হক।

সোমবার আগারগাঁওয়ে কপিরাইট অফিস ভবনে হিট প্রকল্পের কার্যালয়ে বিদায়ী প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এর আগে গত ১৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. রাকিবুল হককে প্রেষণে এই দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। একই আদেশে অধ্যাপক ড. আসাদুজ্জামানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের সময় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, হিট প্রকল্পের চিফ ইমপ্লিমেন্টেশন অফিসার এ কে এম মুখলেছুর রহমান, হিট প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ড. নাজমিন আফরোজ, চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক সেলিনা জামান, সিনিয়র কোয়ালিটি অ্যাস্যুরেন্স স্পেশালিস্ট অধ্যাপক ড. এ এস এম আবদুল হাছিব, প্রকল্পের ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলামসহ ইউজিসি ও হিট প্রকল্পের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন প্রকল্প পরিচালককে স্বাগত জানিয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, "হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষা খাতের অন্যতম একটি বড় উদ্যোগ। এটি যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দেশের উচ্চশিক্ষায় একটি ইতিবাচক রূপান্তর আনা সম্ভব হবে।"

তিনি আরও বলেন, নানা কারণে প্রকল্পের কাজ কিছুটা দেরিতে শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যেই তা অর্থবহভাবে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের মেয়াদ না বাড়িয়েও এর নির্ধারিত পাঁচটি উপাদানের মূল লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. রাকিবুল হক এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের চেয়ারম্যান এবং শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বাংলাদেশের পক্ষ থেকে স্থান পেয়ে অনন্য কীর্তি গড়েন। তাঁর এই সমৃদ্ধ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা হিট প্রকল্পের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে অত্যন্ত সহায়ক হবে বলে মনে করছে ইউজিসি।

দেশের উচ্চশিক্ষা খাতের সামগ্রিক রূপান্তরের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি এই হিট প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। এর ৫০ দশমিক ৯৬ শতাংশ অর্থায়ন করছে বাংলাদেশ সরকার এবং বাকি ৪৯ দশমিক শূন্য ৪ শতাংশ অর্থায়ন করছে বিশ্বব্যাংক।

সোমবার ইউজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউর

অনুমতি না নিয়ে গুদাম পরিদর্শন, খাদ্যমন্ত্রীর এপিএসকে অব্যাহতি

ঢাকায় শুরু হলো ৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার

বাংলাদেশে ভ্যাকসিন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আমার দেশ প্রেসে বোমা হামলা, ডিআরইউর তীব্র নিন্দা

সাবমেরিন ক্যাবলসের নতুন এমডি তারঘীবুল ইসলাম

টোকিওতে নিপ্পন-সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী

আমার দেশ-এর প্রেসে বোমা নিক্ষেপ, জড়িতদের শাস্তি দাবি বিএফইউজে-ডিইউজের

প্রাথমিকে ৩৪ হাজার প্রধান শিক্ষক দ্রুত নিয়োগ করা হবে: ববি হাজ্জাজ