ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ চলাকালে ১৪টি দুর্ঘটনাপ্রবণ স্থানে জরুরি ভিত্তিতে অস্থায়ী রোড ডিভাইডার নির্মাণের দাবি জানিয়েছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও সংসদ সদস্য তাহসিনা রুশদী।
সোমবার জাতীয় সংসদে তিনি এ দাবি জানান।
তাহসিনা রুশদী বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের একটি বড় অংশ ওসমানীনগর উপজেলার ওপর দিয়ে গেছে। বর্তমানে মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার কাজ চলমান রয়েছে। তবে নির্মাণকাজ চলার কারণে এবং মহাসড়কের বিভিন্ন জনবহুল বাজার, স্কুল-মাদরাসা ও গুরুত্বপূর্ণ মোড়ে পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা ও রোড ডিভাইডার না থাকায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে।
তিনি বলেন, এসব দুর্ঘটনায় প্রতিদিন অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন। জুলাই থেকে গত দুই মাসে প্রায় ২০ জনের প্রাণহানি ঘটেছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং এতে তারা গভীরভাবে ব্যথিত।
বক্তব্যে এই সংসদ সদস্য বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার স্থায়ী নির্মাণকাজ শেষ হতে দীর্ঘ সময় প্রয়োজন হবে। তাই নির্মাণকাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা রোধ ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অস্থায়ী ব্যবস্থা নেওয়া জরুরি।
তিনি জানান, সম্প্রতি উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর সমন্বয়ে মহাসড়কের অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ ১৪টি স্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে তাজপুর, সাদীপুর, দয়ামীর ও গোয়ালাবাজার মোড়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে।
তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও সড়ক দুর্ঘটনা রোধের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চিহ্নিত ১৪টি স্থানে জরুরি ভিত্তিতে অস্থায়ী রোড ডিভাইডার নির্মাণ করা প্রয়োজন।
এ সময় তিনি নির্মাণকাজ চলাকালীন মহাসড়কে কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা নিশ্চিত করা এবং দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোতে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।