হোম > জাতীয়

দুর্গাপূজা উপলক্ষে চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, বাড়ছে কোচ

স্টাফ রিপোর্টার

দুর্গাপূজা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন (অফ-ডে) প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া বাড়তি কোচ যুক্ত করা, ট্রেনের সময়ানুবর্তিতা নিশ্চিত করা এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-ঢাকা রুটে ২০ অক্টোবর চলবে ঢাকা স্পেশাল-৩। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২ আগামী ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলাচল করবে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে ২৪ অক্টোবর চলবে চট্টগ্রাম স্পেশাল-৪।

যাত্রীদের চাপ সামাল দিতে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের অফ-ডেও প্রত্যাহার করা হয়েছে।

পূজা উপলক্ষে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ ও পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী ট্রেনে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রেনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইঞ্জিন সরবরাহ নিশ্চিত করা হবে। সময়সূচির বিপর্যয় রোধ ও সময়ানুবর্তিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের নিবিড় তদারকিতে ট্রেন পরিচালনা করা হবে।

রেলপথ ও সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে রেলপথে নিয়মিত টহলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের নিবিড় রক্ষণাবেক্ষণ করা হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর জন্য রিলিফ ট্রেনগুলো সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।

নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ প্রধান রেলস্টেশনগুলোতে রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সহযোগিতায় সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের ব্যবস্থাও রাখা হবে।

চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ের কর্মীদের নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, সংশ্লিষ্ট সচিব ও দপ্তরপ্রধান, ঢাকা ও গাজীপুর মহানগর পুলিশের কমিশনার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই ব্লু ইকোনমির ওপর নৌবাহিনী প্রধানের গুরুত্বারোপ

৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যা জানালেন আইজিপি

প্রাথমিকের ‘সহকারী শিক্ষক’ পদের নাম পরিবর্তনে অর্থ বিভাগের অসম্মতি

গরুর গোশতের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফেরানোর দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

সৌদিতে হামলায় বাংলাদেশিদের হতাহতের ঘটনায় ধর্মমন্ত্রীর নিন্দা

রোহিঙ্গাদের ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল দূতাবাস

রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা তিন হাজার যাত্রী

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি