হোম > জাতীয়

প্রধানমন্ত্রী হিসেবে সংসদে প্রথম প্রশ্নোত্তরে যা বললেন তারেক রহমান

আমার দেশ অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিলেন তারেক রহমান। বুধবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল।

আজকের প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্ন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর। প্রধানমন্ত্রীর কাছে তার প্রশ্ন ছিল, সরকারের নির্বাচনি ইশতিহারে ঘোষিত কার্যক্রমসমূহের কী কী অগ্রগতি সাধিত হয়েছে?

প্রশ্নোত্তর পর্বের শুরুতে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনের ভোটারদের ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, ‘যারা আমাকে ভোট দিয়ে ঢাকা-১৭ আসনে নির্বাচিত করেছেন, তাদের ধন্যবাদ। একইসঙ্গে যারা ভোট দেননি, জনপ্রতিনিধি হিসেবে তাদেরও ধন্যবাদ জানাচ্ছি।’

প্রশ্নোত্তর পর্বে তারেক রহমান আরো বলেন, ‘আমরা দেশের মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সর্বোচ্চ চেষ্টা দিয়ে প্রতিশ্রুতি পালনের চেষ্টা করব।’

বিএনপি দলীয় সংসদসদস্য এ বি এম মোশাররফ হোসেনের (পটুয়াখালী-৪) প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মধ্য দিয়ে দেশের অর্থনীতি আরো সচল হবে। তিনি আরো জানান, চলতি অর্থ বছরের বাকি তিন মাসে আরো ৩০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচি আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রী আরো জানান, গত ১০ মার্চ দেশের ১৩টি জেলার ৩টি করপোরেশন/ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রাথমিকভাবে ৩৭ হাজার ৮১৪টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়েছে। চলতি অর্থ বছরের বাকি তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে এ কর্মসূচি আওতায় আনা হবে। আগামী চার বছরের মধ্যে চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

ফ্যামিলি কার্ড পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কার্ড পরিবারের নারী প্রধানকে প্রদান করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে এই সহায়তাটি যেমন সরাসরি পরিবারের সদস্যদের খাদ্য, পুষ্টি, জরুরি চিকিৎসা ও শিক্ষায় ব্যয় হবে, অন্যদিকে ফ্যামিলি কার্ডটি পরিবারে নারী প্রধানের নামে হওয়ায় পরিবারের সম্পদের ওপর তার নিয়ন্ত্রণ বৃদ্ধির মাধ্যমে পরিবারে সিদ্ধান্ত প্রদান ও মর্যাদা বৃদ্ধি পাবে। পরিবার ও সমাজের ওপর নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার পদক্ষেপ নেবে। এই অর্থ জনগণের আমানত। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ নেবে।

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন

জুলাই অভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি

‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’

ডোনাল্ড ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্নীতি-অনিয়মে কোনো ছাড় নয়, ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে প্রশাসন

‘ফেরার কথা বলে হাসিনা নেতাকর্মীদের আরেক বিপদে ফেলেছেন’

পুলিশি বাধার প্রতিবাদে ১৪ জুলাই গোপালপুরে খতমে নবুওয়তের সম্মেলন

সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান