সচিবালয়ে আগুন পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে এখন ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও আছে। কিছুক্ষণ পর স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দেবেন। উপস্থিত রয়েছেন স্বরাষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ১৯টি ইউনিটের ২১১ সদস্য কাজ করছেন।
সচিবালয়ের আগুনের ঘটনা তদন্ত করবে একাধিক কমিটি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, সকাল ৮টা ৫ মিনিটে আগুণ পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
সচিবালয়ে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন ও ঘটনাস্থল ঘুরে দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সঙ্গে আছেন ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহিদ কামাল।
তিনি বলেন, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৬, ৭, ৮, ৯ এই চারটি তলায় আগুন ধরেছে। আমরা আশা করছি, ঘণ্টাখানেকের মধ্যে আগুন নেভানোর কাজ শেষ হবে। কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।
এরআগে মধ্যরাত দেড়টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনের অষ্টম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ১০টি স্টেশনের ১৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে সচিবালয়ে অবস্থিত স্টেশন থেকে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ শুরু করে। ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার স্টেশন হেড অফিস। তাৎক্ষণিকভাবে আশেপাশের ফায়ার স্টেশনগুলো থেকে দ্রুত একের পর এক ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে।
জানা গেছে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অফিস রয়েছে।
এদিকে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ গেটসহ সচিবালয়ের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারিনি ফায়ার সার্ভিস।