হোম > জাতীয়

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

আমার দেশ অনলাইন

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিজেদের আচরণ ও কর্মকাণ্ড সংশোধন করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করে বলেন, সরকার অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং অতীতে কোনো দল নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা না নিলেও বর্তমান সরকার তা করে দেখিয়েছে।

আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মঙ্গলবার ভোলার লালমোহন উপজেলা পরিষদে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সতর্ক করে স্পিকার বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বলছি, আপনারা নিজেদের সংশোধন করুন। অতীতে কোনো রাজনৈতিক দল নিজ দলের নেতাকর্মীদের অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলার প্রশ্নে আপসহীন থেকে অন্যায়ের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়ে নজির স্থাপন করেছেন।’

সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, ঢাকায় একটি হাসপাতাল দখলের অভিযোগ ওঠার পর এক নারী সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন। ইশরাক হোসেনের অভিযান প্রসঙ্গে স্পিকার বলেন, ‘ইশরাক হোসেন ভালো কাজই করতে চেয়েছিলেন। তিনি মাদকসেবী ও দুর্বৃত্তদের দমন করতেই গিয়েছিলেন। কিন্তু একজন প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ—কোনো অস্ত্র নেওয়া মানায় না, শোভা পায় না। ফলে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।’

ত্রাণ বিতরণে অনিয়ম ও চাঁদাবাজির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন এলাকায় মব সৃষ্টি করে চালের বস্তা ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ পাওয়া যাচ্ছে। তিনি প্রশাসন ও পুলিশ বাহিনীকে কঠোর নির্দেশ দিয়ে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। প্রকৃত জেলেরা ছাড়া অন্য কেউ জেলের চাল পাবে না।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের আচরণ নিয়ে তিনি বলেন, ‘নির্বাচন এলে অনেকেই সাধু-সন্ত সাজার চেষ্টা করে। তবে গণতন্ত্রের সৌন্দর্য এখানেই যে, ভোটের অধিকার থাকায় মানুষ নির্যাতন-অত্যাচার থেকে রেহাই পায়।’ এলাকায় চাঁদাবাজি কমে এসেছে উল্লেখ করে তিনি সাধারণ মানুষকে যেকোনো অনিয়মের বিরুদ্ধে সজাগ থাকার এবং সরাসরি তাঁকে জানানোর আহ্বান জানান।

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না