জুনে কম বৃষ্টি হলেও চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এতে দেশের তিন অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা শেষে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. নূরুল করিম বলেন, জুলাই মাসে মৌসুমী বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ-নদীর পানিসমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এই পূর্বাভাস এমন একসময় এলো, যখন উত্তর-পূর্বাঞ্চলের মানুষ বেশ কয়েক দিন আগে থেকেই স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি মোকাবিলা করে আসছেন। ওই সব এলাকায় উজানের ঢল ও ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সংস্থাটির দীর্ঘমেয়াদি তিন মাসের পূর্বাভাসে বলা হয়, দেশে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এ সময়ে বিচ্ছিন্নভাবে দেশে ৩ থেকে ৫টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১ থেকে ৩টি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। এ ছাড়া এ সময়ে দেশে ১০ থেকে ১৫ দিন বজ্রপাত হতে পারে।
শুধু জুলাই মাসের পূর্বাভাসে আরও বলা হয়, দেশে জুন মাসে স্বাভাবিকের চেয়ে ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টি হলেও চলতি জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে। এ সময় বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসে দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাত হতে পারে এবং ১ থেকে ২টি বিচ্ছিন্ন মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
উল্লেখ্য, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে ‘মৃদু তাপপ্রবাহ’ ধরা হয়।
কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, জুলাই মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টা থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত জুন মাসে যশোরে দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নরসিংদীতে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ওই মাসে দেশের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।