হোম > জাতীয়

আজ ও কাল রাজধানীতে ফিরবেন অধিকাংশ মানুষ

ফিরতি যাত্রায়ও স্বস্তির আশা

ঢাবি সংবাদদাতা

ঈদুল আজহার দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন মানুষ। বেসরকারি চাকরিজীবীরা অনেকে এরই মধ্যে ফিরলেও ঢাকা এখনো অনেকটাই ফাঁকা। ছুটি শেষ না হওয়ায় ঈদের আমেজ বিরাজ করছে সর্বত্র। তবে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ঢাকায় ফিরবেন বেশির ভাগ মানুষ। ফলে গণপরিবহনে ফিরতি যাত্রার সর্বোচ্চ চাপ থাকবে এ দুই দিন। আগামী রোববার থেকে সরকারি অফিস-আদালত খুলবে। ঈদ শেষে সপ্তাহের প্রথম দিনে কর্মব্যস্ততা শুরু হবে।

খোঁজ নিয়ে জানা যায়, বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে খুলেছে। এসব প্রতিষ্ঠানের অনেক চাকরিজীবী ঢাকায় ফিরেছেন। তবে সরকারি ছুটি এখনো আরো দুদিন বাকি থাকায় ঢাকায় ফেরা যাত্রীর সংখ্যা কম।

বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, ঈদের পরের দিনগুলোর চেয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফেরা মানুষের সংখ্যা ছিল তুলনামূলক বেশি। কর্মজীবীদের পাশাপাশি এদিন অনেকে পরিবার নিয়ে রাজধানীতে ফিরেছেন। দূরপাল্লার যানবাহনে যাত্রীর চাপও লক্ষ করা গেছে। ঢাকার গণপরিবহন ও যাত্রীর সংখ্যাও বেড়েছে। এমনকি কোথাও কোথাও সিগন্যালে যানবাহনের জটলা লাগতেও দেখা যায়।

কয়েকজন যাত্রী জানান, ঈদের আগে বাড়ি ফিরতে কিছুটা ঝক্কিঝামেলায় পড়তে হলেও ফিরতি যাত্রা এখন পর্যন্ত নির্বিঘ্ন রয়েছে। যাত্রীদের অনেকে আগে টিকিট কেটে রাখায় এবং যানজট না থাকায় ভোগান্তিতে পড়তে হয়নি। অনেকে তাৎক্ষণিক টিকিট কেটে আসতে পেরেছেন। সময়মতো বাস, ট্রেন ও লঞ্চ ছেড়েছে। রাজধানীতে ফিরেও ফাঁকা ঢাকায় সমস্যায় পড়তে হয়নি।

বাসচালক ও সহকারীরা বলছেন, ঈদের পর প্রতিদিনই ক্রমান্বয়ে যাত্রী বেড়েছে। তবে সরকারি ছুটি শেষে রোববার অফিস-আদালত খুলছে। তাই শুক্র ও শনিবার বেশির ভাগ যাত্রী ঢাকায় ফিরবেন। ফলে এই দুই দিন ফিরতি যাত্রার সবচেয়ে বেশি চাপ হবে। রোববার থেকে রাজধানীতেও গণপরিবহন চলাচল স্বাভাবিক হবে।

সংশ্লিষ্টদের ভাষ্য, ঈদের ছুটি ১০ দিন হওয়ায় শহরমুখী মানুষের বাড়ি ফিরতে ভোগান্তিতে পড়তে হয়নি। ফিরতি যাত্রায়ও যাত্রীদের এই ধারা অব্যাহত থাকবে। ফলে স্বস্তি মিলবে ফিরতি যাত্রায়ও।

ত্রিমুখী সংকটে হাওরাঞ্চলের হাজারো কৃষক দুশ্চিন্তায়

বর্তমান সংসদ হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে

জিডিপির বড় অংশ শিক্ষা-স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে: প্রধানমন্ত্রী

১০ মে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

কামরাঙ্গীচরে প্লাইউড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ

প্রথম অধিবেশনে পাস ৯৪ বিল ও ১৩৩ অধ্যাদেশ

দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না

সংরক্ষিত নারী আসনের দুই-তৃতীয়াংশ এমপি উচ্চশিক্ষিত ও কোটিপতি

স্নাতক পর্যন্ত নারী শিক্ষাকে ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার