হোম > জাতীয়

কর্মী নিয়োগে প্রথমবারের মতো বাংলাদেশ-সৌদির চুক্তি

স্টাফ রিপোর্টার

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সাধারণ কর্মী নিয়োগে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী চুক্তিতে সই করেন।

সোমবার রিয়াদে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ চুক্তির ফলে বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ ৫০ বছরের ইতিহাসে এবারই প্রথম সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি সই হলো।

বহির্বিশ্বে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে ১৯৭৬ সাল থেকে অনানুষ্ঠানিকভাবে কর্মী নিয়োগ শুরু হলেও সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না। ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি বিশেষ চুক্তি সই হয়।

এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগ বাড়বে এবং কর্মী ও নিয়োগকর্তার অধিকার ও স্বার্থ অধিকতর সুরক্ষিত হবে বলে আশা করা যাচ্ছে। এটি ভ্রাতৃপ্রতিম উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

চুক্তি সইয়ের আগে সৌদি মন্ত্রী ও উপদেষ্টার মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল সৌদি আরবে নিয়োগ চুক্তি যেন সঠিক হয়, ইকামা নবায়নের দায়িত্ব যেন নিয়োগকর্তা পালন করে, দেশে ফেরত যেতে ইচ্ছুক কর্মীরা যেন স্বল্পতম সময়ে এক্সিট ভিসা পায়— এসব বিষয় তুলে ধরেন।

সৌদি মন্ত্রী এসব বিষয়ে দ্রুত সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং বাংলাদেশকেও নিরাপদ ও সুষ্ঠু অভিবাসন নিশ্চিতকল্পে ভূমিকা রাখার আহ্বান জানান।

এছাড়া বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রবাসী কর্মীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতকল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, মিশন উপপ্রধান এস এম নাজমুল হাসান এবং শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী