হোম > জাতীয়

মদিনা মুনাওয়ারার তাবলিগের শীর্ষস্থানীয় মুরব্বির ইন্তেকাল

আমার দেশ অনলাইন

পবিত্র মদিনা মুনাওয়ারার বাসিন্দা ও তাবলিগের আন্তর্জাতিক শীর্ষস্থানীয় প্রবীণ মুরব্বি শেখ গাসসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বিশ্বজুড়ে তাবলিগ জামাতের সঙ্গে সংশ্লিষ্ট আলেম, মুরব্বি ও সাধারণ অনুসারীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

শেখ গাসসান ছিলেন মদিনা মুনাওয়ারার আহলে বাইতের একজন অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি বিশ্ব তাবলিগের শীর্ষস্থানীয় আলেম হজরত মাওলানা এনামুল হাসান (রহ.), হজরত মাওলানা জুবাইরুল হাসান (রহ.) এবং হজরত মাওলানা ইবরাহিম দেওলা (হাফি.)-এর দীর্ঘ সান্নিধ্যে থেকে তাদের খেদমত করেছেন এবং বিশ্বব্যাপী দ্বীনের দাওয়াতি তৎপরতায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

জানা যায়, প্রায় পাঁচ দশক আগে উচ্চশিক্ষার উদ্দেশ্যে শেখ গাসসান ও তার সহচর শেখ ফাদিল যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে যান। ইউনিভার্সিটি অব ডেনভারে অধ্যয়নকালেই তারা তাবলিগের মেহনতের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন এবং উত্তর আমেরিকায় অবস্থানরত আরব জনগোষ্ঠীর মাঝে দাওয়াতের কাজ শুরু করেন। পরবর্তীতে শিক্ষা সম্পন্ন করে দেশে ফিরে শেখ গাসসান মদিনা মুনাওয়ারায় এবং শেখ ফাদিল জেদ্দায় দাওয়াতি কাজে আত্মনিয়োগ করেন।

আহলে বাইতের সদস্য হওয়ার কারণে আরব বিশ্বের বিশিষ্ট মাশায়েখ ও প্রশাসনিক মহলে শেখ গাসসানের বিশেষ গ্রহণযোগ্যতা ছিল। তিনি সেই গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে আরবের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতেন। হজরত মাওলানা এনামুল হাসান (রহ.)-এর ইন্তেকালের পর তাঁরা পাকিস্তানের শীর্ষ মুরুব্বি হাজী আবদুল ওয়াহ্হাব (রহ.)-এর দিকনির্দেশনায় কাজ পরিচালনা করতেন।

২০১৬-১৭ সালের দিকে তাবলিগের অভ্যন্তরীণ সংকট নিরসনেও তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন। পাকিস্তানের শীর্ষ মুরব্বিদের নির্দেশে তিনি ও শেখ ফাদিল ভারতের নিজামুদ্দিন মারকাজে গিয়ে মাওলানা সাদ কান্ধলভীর সঙ্গে আলোচনা ও ভুলত্রুটি সংশোধনের মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠার সর্বাত্মক চেষ্টা চালান।

বাংলাদেশের তাবলিগের সঙ্গেও শেখ গাসসানের দীর্ঘদিনের আত্মিক যোগাযোগ ছিল। তিনি প্রতিবছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে আসতেন এবং স্থানীয় আলেম ও সাথিদের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখতেন। এর আগে ২০২০ সালে ইন্দোনেশিয়া সফরে থাকাকালীন তার দীর্ঘদিনের সফরসঙ্গী শেখ ফাদিল করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এবার শেখ গাসসানের প্রয়াণে বিশ্ব তাবলিগ একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ দাঈকে হারাল।

তার মৃত্যুতে প্রকাশিত শোকবার্তায় গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়।

সাবেক পাঁচ সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার

সংসদ অধিবেশন শুরু

হাসিনার পাসপোর্ট চাওয়ার পদক্ষেপকে যেভাবে দেখছেন আসিফ নজরুল

মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রস্তাব, সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা

হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনে কী লিখেছেন আইনজীবী

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

দণ্ডিত ও পলাতক আসামির আবেদনের সুযোগ আছে কি না খতিয়ে দেখা হবে

আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’