রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলাটি অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ে বিচার শেষ করা হবে। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, ২০১৩ সালের ৫ মের ঘটনা। আওয়ামী লীগ সরকার বলেছে যে রং মেখে আলেমরা অভিনয় করেছেন। অথচ ৬১ জন আলেম-ওলামাসহ নিরীহ মানুষকে সেদিন নির্বিচারে গুলি করে হত্যা করেছে। এবং সেই বিচার নিয়ে বিগত আওয়ামী লীগ সরকার নানানভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে।
তিনি বলেন, দেশের ইসলামপ্রেমী ধর্মপ্রাণ মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে শাপলা চত্বরের গণহত্যা মামলাটির যেন বিচার হয়। জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে এই বিচার অগ্রাধিকারের ভিত্তিতে আমরা দ্রুততার সঙ্গে শেষ করব।