হোম > জাতীয়

জনস্বাস্থ্য সুরক্ষায় প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে দ্রুত ‘এফওপিএল’ বাস্তবায়নের দাবি

স্টাফ রিপোর্টার

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধে প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে ‘ফ্রন্ট অব প্যাকেজ লেবেলিং’ (এফওপিএল) দ্রুত কার্যকর করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে আয়োজিত ‘নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় এফওপিএল: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা থেকে এই দাবি জানানো হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, খাদ্যের পুষ্টিমান সম্পর্কে জানা জনগণের মৌলিক অধিকার। জনস্বাস্থ্য সুরক্ষায় প্রক্রিয়াজাত খাদ্যে বিদ্যমান ক্ষতিকর উপাদান সহজে চিহ্নিত করার জন্য ফ্রন্ট অব প্যাকেজ লেবেলিং দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নে সরকার কাজ করছে। আর এটা বাস্তবায়ন করতেই হবে। জনস্বাস্থ্যের জন্যই এটি প্রয়োজন। বর্তমানে ৭১ শতাংশ মানুষ অসংক্রামক রোগে মারা যাচ্ছেন। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে এফওপিএল কার্যকর করা জরুরি।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুহুল কুদ্দুস। তিনি উল্লেখ করেন, খাদ্যের মোড়কে সহজবোধ্য পুষ্টির তথ্য প্রদর্শন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও কার্যকর পদ্ধতি। তাই জনস্বাস্থ্য রক্ষায় এফওপিএল বাস্তবায়নে দ্রুত আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে।

কর্মশালায় ‘বাংলাদেশে খাদ্য পরিবেশ, অসংক্রামক রোগ ও এফওপিএল’ বিষয়ে সেশন পরিচালনা করেন বারডেম জেনারেল হাসপাতালের চিফ নিউট্রিশনিস্ট শামসুন নাহার মহুয়া। তিনি বলেন, “আমি এফওপিএল বাস্তবায়নকে ইমারজেন্সি (জরুরি) মনে করি। এটি এখনই বাস্তবায়ন করতে হবে। এখন মানে—এখনই। ব্যবসায়ীদের দিকে তাকিয়ে তাদের সুবিধা দেওয়ার জন্য জনস্বাস্থ্যকে ঝুঁকিতে রাখা যাবে না। দেশের ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একদিন প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করেন। আর এসব খাবারের কোনোটিতে অতিরিক্ত মাত্রায় লবণ, কোনোটিতে চিনি এবং সম্পৃক্ত চর্বি যুক্ত থাকে। অথচ মানুষ সেটা জানেই না। প্যাকেট হাতে নিলে ছোট ছোট লেখা বোঝারও কোনো উপায় নেই। তাই এফওপিএল কার্যকর করা জরুরি। নতুবা ৭১ শতাংশ মৃত্যুর হার আরও বেড়ে যাবে।”

কর্মশালায় ‘এফওপিএল বিষয়ক কার্যকর সংবাদ পরিবেশনের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেশন পরিচালনা করেন বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর আবু রুশদ মো. রুহুল আমিন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মঈনুল হাসান সোহেল। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের ২৮ জন সাংবাদিক অংশ নেন। তারাও জনস্বাস্থ্য সুরক্ষায় প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে দ্রুত ‘এফওপিএল’ বাস্তবায়নের দাবি জানান।

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

একদিন পিছিয়ে শনিবার শুরু বায়তুল মুকাররমের মাসব্যাপী ইসলামি বইমেলা

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তার মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়াল সরকার

মতভিন্নতা গণতান্ত্রিক সংসদের স্বাভাবিক বৈশিষ্ট্য: স্পিকার

মানিব্যাগ ছিনিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, মাদরাসা ছাত্রের হাত-পা বিচ্ছিন্ন

সরকারের ঘোষণার আগেই কর্মী পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সিকে সিলগালা

অদৃশ্য এক শক্তিতে ফ্যাসিবাদের সময় গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি

বিরোধী দলকে সভাপতি না দিয়েই সব সংসদীয় কমিটি গঠন

সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী