হোম > জাতীয়

‘হাসিনা সরকারের নির্বাচন জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটাতে পারেনি’

স্টাফ রিপোর্টার

বিগত হাসিনা সরকারের কয়েকটি জাতীয় নির্বাচন জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটাতে পারেনি বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। দীর্ঘ সময় পর ২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে মঈন খান বলেন, ‘আমরা আইনের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা আইনের পথে যেতে চাই।’ রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা না নিয়ে আইন ও বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করার কথাও তুলে ধরেন তিনি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংবিধানিক প্রক্রিয়া ও প্রচলিত আইনকানুন অক্ষরে অক্ষরে অনুসরণ করেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু হবে—এমন প্রশ্নের জবাবে মঈন খান বলেন, নির্বাচন অনুষ্ঠানের একটি সাংবিধানিক পদ্ধতি রয়েছে। তাই তিনি ইচ্ছামতো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেন না। তিনি বলেন, ‘আমি আজকে যদি বলে দিই যে অমুক দিন নির্বাচন হবে, এই কথার কোনো অর্থ থাকবে না।’ সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দেবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, সরকারের প্রধান অগ্রাধিকার জনগণ। জনগণের ম্যান্ডেট নিয়েই বর্তমান সরকার গঠিত হয়েছে এবং জনগণের স্বার্থ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

বিগত সরকারের সময়ে বিচারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে তিনি বলেন, আদালতের রায় নিয়েও রাজনৈতিক হস্তক্ষেপ ছিল। তবে বর্তমান সরকার কোনো ‘উইচ হান্টিংয়ে’ বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি।

মঈন খান বলেন, দেশে সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করছেন। সরকারও সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মান অক্ষুণ্ন রেখে মাছের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর প্রথম কর্মদিবস, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

থার্ড টার্মিনালের সফট ওপেনিং ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই

বিভিন্ন বিদেশি দূতাবাসে হুমকির বিষয়ে কাজ করছে পুলিশ

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে, কমতে শুরু করেছে লোডশেডিং

নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান