গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করতে পেরেছেন কি না, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে এমন প্রশ্ন রেখেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি কোনো প্রশ্ন হয়েছে, নাকি পল্টনের বক্তৃতা—তা তিনি বুঝতে পারেননি।
বৃহস্পতিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে সম্পূরক প্রশ্নে এ আলোচনা হয়।
সংসদে প্রশ্ন উত্থাপনকালে হাসনাত আবদুল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা এবং নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াকে একটি সাংস্কৃতিক জেলা হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি বলেন, ওই জেলায় গান-বাজনা ও সিনেমা প্রদর্শনী প্রায় বন্ধ। গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী ‘ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর’ করতে পেরেছেন কি না, আইনের শাসন প্রতিষ্ঠায় পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন কি না এবং তিনি ব্যর্থ হয়েছেন কি না—সেই প্রশ্ন রাখেন এই সংসদ সদস্য। এছাড়া তিনি বক্তব্যে বিভিন্ন হত্যা ও আহতের পরিসংখ্যান তুলে ধরেন।
হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা—বুঝতে পারিনি।’ তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছেন কি না, এটি একটি প্রশ্ন; আর ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমা হল কেন নেই, সেটি আরেকটি প্রশ্ন। এছাড়া সংসদ সদস্য যে হত্যা ও জখমের পরিসংখ্যান দিয়েছেন, তা কীসের ভিত্তিতে দেওয়া হয়েছে—সে বিষয়ে তার জানা নেই বলে উল্লেখ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সংঘটিত অপরাধের ঘটনায় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতার আনা হয়েছে। রংপুরের সাম্প্রতিক চারটি হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এখানে কোথায় কী ব্যর্থতা আছে, বলতে হবে। আইন রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি—এগুলো বক্তব্যে চলে। এটা সংসদ। সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে।’
কোনো নির্দিষ্ট ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে কি না, সে বিষয়ে নোটিশ দেওয়া হলে সংসদে এ নিয়ে বিতর্ক করা যাবে এবং সংসদ সদস্যরা কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করলে ৩০০ বিধিতে সে বিষয়ে বিবৃতি দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।