জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলো মূলত গ্রামীণ যোগাযোগ উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, খাল ও নদী খনন এবং সড়ক অবকাঠামো সম্প্রসারণসংক্রান্ত। মোট ব্যয়ের মধ্যে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা জোগান দেবে সরকার নিজস্ব তহবিল থেকে।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন পায়।
অনুমোদিত ১৬ প্রকল্পের ১৪টি নতুন, বাকি দুটি সংশোধিত। এর মধ্যে সর্বাধিক সাতটি প্রকল্প স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এবং চারটি পানি সম্পদ মন্ত্রণালয়ের।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প রয়েছে। জয়পুরহাট, ফরিদপুর ও রাজবাড়ী, সিলেট বিভাগের চার জেলা এবং বৃহত্তর যশোরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আলাদা আলাদা প্রকল্পও অনুমোদন পেয়েছে। এর বাইরে পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পও এই মন্ত্রণালয়ের।
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পের মধ্যে আছে সারা দেশে খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখনন করে নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর প্রকল্প। জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকাকে সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষায় পৃথক প্রকল্প নেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকার গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণে মেট্রো ঢাকা প্রকল্পও অনুমোদিত হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার একটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসন সমস্যা সমাধানে অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদিত হয়েছে।
সড়ক খাতে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ককে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করা হবে। একই সঙ্গে মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ককে সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করার প্রকল্পও অনুমোদন পেয়েছে।
সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্পের বিষয়ে অবহিত করা হয়, যেগুলো আগেই পরিকল্পনামন্ত্রী অনুমোদন দিয়েছেন। এর মধ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলায় আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, জলবায়ু সহনশীল কৃষি ও পানি ব্যবস্থাপনা এবং জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ প্রকল্প রয়েছে।
তালিকায় আরও আছে জগন্নাথপুর ও মোহনগঞ্জে দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধির প্রকল্প। মৎস্য ও প্রাণিসম্পদ খাতের প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সক্ষমতা জোরদার, মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা এবং রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প।
এ ছাড়া দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলজ প্রতিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনাসংক্রান্ত একটি প্রকল্প অসমাপ্ত অবস্থায় সমাপ্ত ঘোষণার প্রস্তাবও রয়েছে। মহাসড়কের সরু ও ঝুঁকিপূর্ণ পুরোনো কংক্রিট ও বেইলি সেতুর জায়গায় নতুন কংক্রিট সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের বিষয়েও সভাকে জানানো হয়।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।