হোম > জাতীয়

খাতভিত্তিক জনবল চাহিদা নিরূপণে জাতীয় সার্ভের নির্দেশ ইউজিসি চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার

দেশের বিভিন্ন খাতে প্রকৃত জনবল চাহিদা নির্ধারণে জাতীয় পর্যায়ে সমন্বিত সার্ভে পরিচালনার উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

বৃহস্পতিবার রাজধানীর কপিরাইট ভবন-এ ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষার মূল লক্ষ্য শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলা। কিন্তু দেশে কোন খাতে কী ধরনের দক্ষ জনবল প্রয়োজন এবং বিশ্ববিদ্যালয়গুলো কতজন ও কী ধরনের গ্র্যাজুয়েট তৈরি করছে—এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্যের অভাব রয়েছে। এ কারণে উচ্চশিক্ষা ও শিল্পখাতের মধ্যে একটি স্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে।

তিনি জানান, এই ব্যবধান কমাতে হিট প্রকল্পের সংশোধিত প্রস্তাবে জনবল চাহিদা নিরূপণে সার্ভে অন্তর্ভুক্ত করার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে প্রকল্প ব্যয়ে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গবেষণা খাতে অপচয় রোধে ইউজিসি চেয়ারম্যান বলেন, পূর্ববর্তী প্রকল্পে কেনা বৈজ্ঞানিক যন্ত্রপাতি যাচাই না করে একই ধরনের যন্ত্রপাতি পুনরায় কেনা থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে এ বিষয়েও আলাদা সমীক্ষা পরিচালনার পরামর্শ দেন তিনি।

শিক্ষক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, হিট প্রকল্পের আওতায় একটি আধুনিক বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি দ্রুত প্রতিষ্ঠা করতে হবে। এজন্য বিভাগীয় শহরের নিকটবর্তী উপযুক্ত স্থান নির্বাচন করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।

ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে এই সম্পর্কের অবনতি হয়েছে, যা ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর আরও দৃশ্যমান হয়েছে। এ পরিস্থিতি কাটাতে শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি সপ্তাহে অন্তত ৪০ ঘণ্টা কার্যকরভাবে যুক্ত রাখার উপায় খুঁজে বের করার ওপর জোর দেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত এই সার্ভে বাস্তবায়িত হলে দেশের উচ্চশিক্ষা ও কর্মবাজারের মধ্যে বিদ্যমান দক্ষতার ঘাটতি চিহ্নিত করা সহজ হবে এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের