হোম > জাতীয়

গুম ও মানবাধিকার কমিশন বিল নিয়ে সংসদে সরকার-বিরোধী দলের বাহাস

সংসদ রিপোর্টার

ফাইল ছবি

গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, জাতীয় মানবাধিকার কমিশন বিল ও সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল পরীক্ষা করে বুধবার সংসদে প্রতিবেদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সভাপতিগণ সংসদে বিলগুলোর রিপোর্ট উত্থাপন করেন। বিল উত্থাপনকালে গুম প্রতিরোধ বিল ও মানবাধিকার কমিশন বিল নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে ‘সক্রিয়, ‘নিষ্ক্রিয়’ অংশগ্রহণ নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বাহাস হয়েছে।

গত বৃহস্পতিবার এ বিল তিনটি সংসদে পৃথকভাবে উপস্থাপন করা হয়েছিল। এগুলো পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এর মধ্যে গুম প্রতিরোধ বিল ও মানবাধিকার কমিশন বিল নিয়ে কমিটিতে আলোচনা বর্জন করেছিল বিরোধী দল।

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নওশাদ জমির বুধবার রাতে সংসদে কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনের এক অংশে বলা হয় বিলটি পরীক্ষায় সদস্যরা ‘সক্রিয়ভাবে’ অংশগ্রহণ করেন। সেখানে বিরোধী দলের সদস্য নাজিবুর রহমান ও আল ফারুক আব্দুল লতিফের নামও রয়েছে। প্রতিবেদনের আরেকটি অংশে বলা হয়, বিলের ওপর আলোচনার শুরুতে বিরোধী দলের দুই সদস্য বিলটির ওপর বক্তব্য না দিয়ে কমিটি কক্ষ ত্যাগ করেন।

কমিটির সভাপতি বিলটি উত্থাপনের প্রস্তাব করলে আপত্তি জানান জামায়াতে ইসলামীর এমপি নাজিবুর রহমান। তিনি বলেন, তারা কেন কমিটির আলোচনায় অংশ নেননি সেটা বিস্তারিত বলেছিলেন এবং লিখিতভাবে কমিটিকে দিয়েছিলেন। কিন্তু কমিটির প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়নি। তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েও আপত্তি তোলেন।

জবাবে কমিটির সভাপতি নওশাদ জমির বলেন, বিরোধী দলের সদস্যরা কমিটির সামনে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু বিস্তারিত আলোচনার আগে তারা কক্ষত্যাগ করেছিলেন।

এরপর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘ইনএকশন ইজ অলসো একশন’। তারা বিলের বিরোধিতা করে তাদের মত প্রকাশ করেছেন। বিরোধী মত প্রকাশ করাও অংশগ্রহণের মধ্যে পড়ে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, স্থায়ী কমিটির বৈঠক থেকে ওয়াকাউটের নজির মনে হয় প্রথম। বিরোধী দল নোট অব ডিসেন্ট হিসেবে বক্তব্যটা দিলে সেটা বিলের প্রতিবেদনে থাকতো। কিন্তু তারা সেটা দেননি।

আইনমন্ত্রীর বক্তব্যের নাজিবুর রহমান বলেন, ইনএকশন ইজ অলসো একশন—এটা কোর্টের বিষয়। সংসদের নয়। তাঁরা লিখিত বক্তব্য দিয়েছিলেন। সেটা রিপোর্টে রাখা হয়নি। তাই রিপোর্টটি অসম্পূর্ণ। তিনি তাদের বক্তব্যটি রিপোর্টে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, বিরোধী দলের সদস্যরা লিখিত দিয়েছেন, কমিটিকে পড়ে শুনিয়েছেন। এটা রিপোর্টে থাকা উচিত।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারকে উদ্দেশ করে বলেন, কমিটিতে সদস্যরা কে কী বলেছেন সেটা রিপোর্টে উল্লেখ থাকে না। তবে স্পিকার ‘সক্রিয়’শব্দটা কেটে দিতে পারেন।

জবাবে স্পিকার কায়সার কামাল বলেন, বিলটি যখন পাসের আগে দফাওয়ারি আলোচনা হবে তখন সরকারি ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করার সুযোগ পাবেন। আলোচনার মাধ্যমে এটি অনুমোদিত হতে পারে। তিনি বলেন, সংসদীয় কমিটির রিপোর্ট সংসদে উত্থাপিত হলো।

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন। এ পর্যায়ে আপত্তি জানান এই কমিটির সদস্য জামায়াতে ইসলামীর নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, তারা কেন ওয়াক আউট করেছিলেন সে বক্তব্য কমিটির বৈঠকে দিয়েছেন। প্রতিবেদনে সক্রিয় শব্দটি কার্যকর নয়।

তখন স্পিকার কায়সার কামাল বলেন, ওয়াক আউট করার বিষয়টি রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রিপোর্ট উপস্থাপিত হলো। পরে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সক্রিয় শব্দটি সংসদ সচিবালয়ের আবিষ্কার, তারা এটা কপি পোস্ট করেছে। সামনে এটা থাকবে কি না সেটা স্পিকার ঠিক করবেন। বিরোধী দলের আপত্তি থাকলে বিল পাসের সময় সেটা আনতে পারবে।

সংসদে উত্থাপিত মানবাধিকার কমিশন বিলে বলা ছিল, মানবাধিকার কমিশন গঠনের ক্ষেত্রে একজন চেয়ারপার্সন ও চারজন কমিশনারের সমন্বয়ে কমিশন গঠন করা হবে। এর মধ্যে একজন নারী হবেন। সংসদীয় কমিটি একজন নারীর পাশাপাশি একজন ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সদস্য রাখার সুপারিশ করেছে। কমিশন গঠনের জন্য বাছাই কমিটিতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি বা তার মনোনীত মানবাধিকার বিষয়ে সাংবাদিকতার অভিজ্ঞতাসম্পন্ন একজন সাংবাদিক প্রতিনিধি যুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিলে বলা হয়েছিল, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তকালীন বা পরবর্তী সময়ে যেকোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে যেকোনো স্থান, অফিস–আদালত, হাজতখানা বা আটককেন্দ্র পরিদর্শন করতে পারবে।

সংসদীয় কমিটি ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে’ শব্দগুলো বাদ দেওয়ার সুপারিশ করেছে। এটি গৃহীত হলে তদন্তের সময় পরিদর্শনের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদেন প্রয়োজন হবে না।

ছিনতাই চাঁদাবাজি নিয়ে সংসদে উদ্বেগ, যৌথ অভিযানের দাবি

জুলাই সনদ বাস্তবায়ন হলে বিরোধী দলকে সভাপতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাই-চাঁদাবাজি নিয়ে সংসদে উদ্বেগ, যৌথ অভিযানের দাবি

‘জেনারেল ওসমানীর জন্মবার্ষিকীর খবর কোথাও ছিল না, মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জা পেয়েছি’

একাদশে ভর্তির আবেদন শুরু, ক্লাস ২৩ সেপ্টেম্বর

পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

কর্মস্থলে অনুপস্থিতি, দুর্নীতি: চাকরি হারালেন ৭ পুলিশ কর্মকর্তা

ভুল ধরিয়ে দিলেন নাহিদ, ধন্যবাদ দিলেন ডেপুটি স্পিকার

‘যাহা বলিতেছি সত্য বলিতেছি’-সারের মজুদ নিয়ে সংসদে কৃষিমন্ত্রী

খতমে নবুওয়তের বিশেষ সাব-কমিটি গঠন, কেন্দ্রীয় কমিটিতে রদবদল