হোম > জাতীয়

বেসরকারি স্কুল শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ, বয়স নির্ধারণ

আমার দেশ অনলাইন

শিক্ষার্থী

বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ প্রকাশ করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর সরকারি স্কুলে শিক্ষার্থীদের নীতিমালা প্রকাশ করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

নীতিমালার তথ্য অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে। নির্বাচিত শিক্ষার্থী নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অষ্টম শ্রেণি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে।

ভর্তি পরীক্ষার নম্বরবণ্টন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নীতিমালায় আরও বলা হয়, দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষার পূর্ণমান ৫০ নম্বর। এর মধ্যে বাংলা ১৫, ইংরেজি ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় হবে এক ঘণ্টা। এ ছাড়া চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত পূর্ণমান ১০০ নম্বর। এর মধ্যে বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি তবে অবশ্যই ৭ বছরের কম হতে হবে (জন্মতারিখ ০১-০১-২০২০ থেকে ৩১-১২-২০২০ পর্যন্ত)। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

কবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে, সেই তারিখ এখনও চূড়ান্ত করেনি শিক্ষা মন্ত্রণালয়। তবে একই ক্যাচমেন্ট এলাকার ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের সুবিধার্থে ভর্তি পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট থানা-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শক্রমে নির্ধারণ করবেন বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

যেসব পদ্ধতিতে ভর্তি

নীতিমালায় বলা হয়, ঢাকা মহানগরীর বেসরকারি স্কুলগুলোয় ভর্তির ক্ষেত্রে স্কুল-সংলগ্ন ক্যাচমেন্ট অ্যারিয়ার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে। অবশিষ্ট আসনগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে;

একই শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট অ্যারিয়ার ৪০ শতাংশ কোটা প্রযোজ্য হবে না। একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান একই ক্যাচমেন্ট অ্যারিয়ায় অবস্থিত হলে শিক্ষার্থীরা যেকোনো প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে পারবে।

অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ২৫০ টাকা গ্রহণ করা যাবে।

এ ছাড়া ভর্তির আবেদন ফরমের জন্য ঢাকা মেট্রোপলিটনসহ এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত এবং এমপিও-বহির্ভূত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ২০০ টাকা গ্রহণ করা যাবে;

সেশন চার্জসহ ভর্তি ফি সাকল্যে মফস্বল এলাকায় ৫০০, পৌর (উপজেলা) এলাকায় ১০০০, পৌর (জেলা সদর) এলাকায় ২০০০, ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩০০০ টাকার বেশি হবে না।

সতর্কতা

ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ৫০০০ টাকার অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং এমপিও-বহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের জন্য শিক্ষার্থী ভর্তির সময় মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি-সহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০,০০০ টাকা গ্রহণ করতে পারবে।

এ ছাড়া উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩০০০ টাকার বেশি আদায় করতে পারবে না। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে ভর্তির ক্ষেত্রে প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে পুনঃভর্তির ফি নেওয়া যাবে না।

বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি

বাসে আগুন ও ককটেল নিক্ষেপ: জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সিটিজেন ইনিশিয়েটিভের

১৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য বিরাট বোঝা: স্বরাষ্ট্রমন্ত্রী

মাহমুদুর রহমানের বক্তব্যের আধা ঘণ্টার মধ্যেই জাহাঙ্গীর গেটের বিলবোর্ড থেকে হাসিনার ছবি উধাও

কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি

পাসপোর্টের আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান কী’

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে তরুণদের ভূমিকা রাখতে হবে: ডেপুটি স্পিকার

প্রাথমিক শিক্ষায় প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ

দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতায় জাস্টিস ফর জুলাই ইউকের নিন্দা