ক্ষমতার চেয়ারে বসলেই দলগুলো ক্ষমতার প্রেমে পড়ে মতপ্রকাশের স্বাধীনতায় লাগাম টানতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো দমনমূলক আইন তৈরি করে। মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে ভয়ের চাদর বিছিয়ে সমাজকে স্তব্ধ করতে চেয়েও সফল হননি। তাই বর্তমান সরকার সুচিন্তিতভাবে সাইবার সুরক্ষা আইনটি করবে, যাতে এটি মতপ্রকাশের স্বাধীনতা হরণের কারণ হয়ে না দাঁড়ায়।
পৃথিবীর উন্নত দেশের মতো আমাদেরও মতপ্রকাশের এই অবাধ স্বাধীনতা সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে। কারণ সাইবার সুরক্ষা আইনের প্রয়োগ নয়, অপপ্রয়োগই বড় শঙ্কার বিষয়। মানুষের মুখ আইন এবং ভয়ভীতির মাধ্যমে বন্ধ করা যাবে না।
শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অধিকার আয়োজিত ‘মতপ্রকাশ ও গণতান্ত্রিক ব্যবস্থার সংকট’ শীর্ষক আলোচনা সভায় সংসদ সদস্য, রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী ও শীর্ষস্থানীয় সাংবাদিকরা এসব কথা বলেন।
সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, আমি আশা করব সরকার সুচিন্তিতভাবে সাইবার সুরক্ষা আইনটি করবে, যাতে মতপ্রকাশের স্বাধীনতা হরণের কারণ হয়ে না দাঁড়ায়। আমরা বিগত সময়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা আইসিটি আইনের মাধ্যমে যে নির্যাতন ভোগ করেছি, এ ধরনের ঘটনা যাতে বাংলাদেশে আর না ঘটে সেটাই আমি আশা করব। এ বিষয়ে আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, গত ১৫ বছর মতপ্রকাশ ও বাকস্বাধীনতা হরণের সময় ‘অধিকার’ সবচেয়ে সোচ্চার ছিল এবং এর জন্য সংগঠনটিকে অসংখ্য নির্যাতন সইতে হয়েছে। ২০১৩ সালে আইসিটি অ্যাক্টে প্রথম মামলা হয় ‘আমার দেশ’-এর বিরুদ্ধে। ছাপাখানা জব্দ ও পত্রিকা বন্ধ হয়, সহকর্মীরা বেকার হন এবং প্রত্যেকের নামে চার-পাঁচটি করে মামলা ছিল। সামনে এরকম পরিস্থিতি আসার মতো পথগুলো বন্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ওয়াদা সম্পাদক শফিকুল আলম বলেন, বাংলাদেশিরা কথা বলা জাতি। শেখ হাসিনা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে ভয়ের চাদর বিছিয়ে সমাজকে স্তব্ধ করতে চেয়েও সফল হননি। সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে সাংবাদিকদের তোলা সিংহভাগ উদ্বেগ অন্তর্বর্তী সরকার অ্যাড্রেস করেছে এবং আলোচনা অব্যাহত রেখেছে।
বাকস্বাধীনতার নামে সরকারের বাইরের বড় পুঁজি ও নন-স্টেট অ্যাক্টররা অনলাইন ও টিভিতে চরিত্র হনন, অপপ্রচার ও হুমকি সৃষ্টি করছে। ১৯৭২ সাল থেকে মানহানি আইনে কেউ প্রতিকার পায়নি। ইউকে বা ইউএসএ-এর মতো আন্তর্জাতিক আইনি মানদণ্ড অনুসরণ করে অপতথ্য ছড়ানো, জীবন বিপন্ন করা এবং স্বৈরাচারের পক্ষে সম্মতি উৎপাদনকারী নন-স্টেট অ্যাক্টরদের বিরুদ্ধেও সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী বলেন, কোনো আইনের প্রয়োগ নয়, অপপ্রয়োগই বড় শঙ্কা। সমালোচনা বাড়লে দমন-পীড়ন বাড়বে। সংশোধনের নামে যেন মিডিয়া কর্মীদের হাত-পা বেঁধে ফেলা না হয়। সাইবার সুরক্ষা এ যুগে জরুরি, কারণ বুলিংয়ের শিকার যে কেউ হতে পারেন, বিশেষ করে নারীরা। কিন্তু সংবিধানের ৩৯ অনুচ্ছেদের মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে আইনে সংজ্ঞা স্পষ্ট করতে হবে এবং অপব্যবহার ঠেকাতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্য ভালো হলেও মাঠপর্যায়ে স্থানীয় দলীয় গুণ্ডাপাণ্ডা ও নেতারা পুলিশের ওপর চাপ দেন এবং মব সৃষ্টি করা হয়। গণমাধ্যমও প্রতিদিন চাপের মুখে থাকে। মালিকদের স্বার্থ ও সরকারের সঙ্গে সম্পর্কের কারণে সাংবাদিকরা অনেক সময় নিজেরাই সেন্সর করেন, আবার সরকারবিরোধী বলে চিহ্নিত মিডিয়ায় সত্য প্রকাশ করলেও আইনের অপপ্রয়োগে হয়রানির ভয় থাকে।
সরকারকে শুভাকাঙ্ক্ষী হিসেবে সতর্ক করে এই সিনিয়র সাংবাদিক বলেন, ১৭ বছরের নির্যাতন ও ক্ষোভের বিস্ফোরণ ছিল জুলাই বিপ্লব। দলমত-নির্বিশেষে সাধারণ মানুষ এতে অংশ নিয়েছে। সরকার যদি জুলাই বিপ্লবের জনআকাঙ্ক্ষা ধারণ করতে না পারে, যদি না বুঝে জুলাই কেন হয়েছিল, তাহলে জুলাই আবার ফিরে আসবে। আর কেউ তা ঠেকাতে পারবে না।
তিনি আরো বলেন, মানুষের মনে ক্ষোভ থাকলে তার বিস্ফোরণ ঘটবেই। গতবার ১৭ বছর লেগেছিল, এবার পাঁচ, দশ বা পনেরো বছরও লাগতে পারে। সরকারকে উপলব্ধি করতে হবে, জুলাইয়ে এত তরুণ কেন প্রাণ দিল, এত মানুষ কেন রাজপথে নেমে এসেছিল।
মীর আহমাদ বিন কাসেম আরমান বলেন, আমি সংসদ সদস্য হিসেবে যদি এখন বলি আমার এলাকার মেডিকেল ভাঙচুরকারীরা এই শক্তি কোথায় পায়? সরকারের ওপর থেকেই এদের আশ্রয় দেওয়া হচ্ছেÑতাহলে আমি কিন্তু এই আইনে অপরাধী হয়ে গেলাম। আমাকে অপতথ্য ও গুজব ছড়ানোর দায়ে গ্রেপ্তার করতে পারে।
তিনি বলেন, আমার এলাকা থেকে একজনকে গুম করা হয়েছে। যথারীতি নিয়ম অনুযায়ী পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তা অস্বীকার করছে। ক্র্যাকডাউন হতে পারে এই ভয়ে গুমের ভিকটিম এতদিন পর্যন্ত পাবলিকলি কথা বলার সাহস পায়নি।
যখন প্রেস কনফারেন্স করি, অপতথ্য এবং গুজব ছড়ানোর অভিযোগে এই আইন বাস্তবায়ন হলে আমি হয়ে গেলাম অপরাধী। একজন সংসদ সদস্য হিসেবে যদি এই আইনের ভয় আমার মধ্যে কাজ করে, তাহলে সাধারণ জনগণের কী হবে?
তিনি বলেন, এরপরও মানুষের মুখ আইন এবং ভয়ভীতির মাধ্যমে যদি বন্ধ করা যেত, তাহলে জুলাই বিপ্লব হতো না, স্বৈরাচারের পতন হতো না। আপনারা মানুষের এই ক্ষোভকে হয়তো কয়েক দিনের জন্য চেপে রাখতে পারবেন, কিন্তু রোধ করতে পারবেন না।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জাতি হিসেবে বারবার একই ভুল করা আমাদের জাতীয় ট্রাজেডি। ক্ষমতার চেয়ারে বসলেই দলগুলো ক্ষমতার প্রেমে পড়ে মতপ্রকাশ ও স্বাধীনতায় লাগাম টানতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো দমনমূলক আইন তৈরি করে।
২০১৫ সালে আওয়ামী লীগ আমলে তারেক রহমানের বক্তব্য প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা ও তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়েছিল। অথচ বিএনপি ক্ষমতায় এসে সেই একই রাজনীতি ও ঐতিহাসিক স্মৃতিনাশে (হিস্টেরিক্যাল ইমনেশিয়ায়) ভুগছে।
তিনি আরো বলেন, তারেক রহমান বা এমপি-মন্ত্রীদের সমালোচনা করা যাবে না– এ ধরনের অহংকার ও তোষামোদি রাজনীতি শেখ হাসিনার মতোই করুণ পরিণতি ডেকে আনবে।
নিউ এজ-এর বার্তা সম্পাদক শহিদুজ্জামান বলেন, ক্ষমতার টেবিলে বসা ব্যক্তিদের বাকস্বাধীনতা সংক্রান্ত ধারণা আর মাঠে কাজ করাদের ধারণার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। সংবিধানের ৩৯(১) অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের অবারিত স্বাধীনতার কথা বলা হলেও, ৩৯(২) অনুচ্ছেদে এতগুলো বিধিনিষেধ (রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, নৈতিকতা, আদালত অবমাননা, মানহানি) দেওয়া হয়েছে যে তার পর আর কোনো স্বাধীনতা অবশিষ্ট থাকে না। এতগুলো নিষেধাজ্ঞা আমার ওপর দিয়ে বললেন এবার আপনি কথা বলতে পারবেন, এবার আপনার সংবাদপত্রের স্বাধীনতা থাকবে?
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকারকর্মী তাসকিন ফাহমিনা।
অধিকার-এর পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের সঞ্চালনায় আরো বক্তব্য দেনÑ জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য শরিফুল ইসলাম, ভয়েস অব রিফর্ম-এর সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর, সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন প্রমুখ।
এমই