মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবারে শহীদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২ টায় হাফেজরা কোরআন তিলাওয়াত শুরু করেন। শেষ হয় দুপুর একটায়। পরে বাদ যোহর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
মোনাজাতে স্বাধীনতার মহান ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করা হয়। শহিদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম ও সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিনসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী মোনাজাতে অংশ নেন।
ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্রসমূহ ও ইমাম প্রশিক্ষণ একাডেমির সেন্টারগুলোতে অনুরূপ কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।