দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৩ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৩ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর। বাকী ৫৫১ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৭ জন রোগী শনাক্ত হয়েছেন। পাশাপাশি ১২৬ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত করা হয়েছে। ফলে একদিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১২ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪ হাজার ২৬৬ জনে পৌঁছেছে। এ সময়ের মধ্যে ১০ হাজার ১৮৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
এ ছাড়া একই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৯৩৪ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৫ হাজার ২৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটি ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে সর্বোচ্চ ৪৩৯ জন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে ৫৬ জনের হাম নিশ্চিত করা হয়েছে।
বিভাগওয়ারি মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত হামে সবচেয়ে বেশি ২৮৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিত হামে ৫৬শিশু এবং ‘সন্দেহজনক হামে’ মৃত্যু হয়েছে ২৩২ জনের। এরপরেই রয়েছে রাজশাহী বিভাগে নিশ্চিত হামে দুইজনসহ মোট ৮৮ জন, সিলেটে তিনজনসহ ৬৯জন, চট্টগ্রামে ১০ জনসহ ৫৭ জন, বরিশালে ১৯ জনসহ ৫৭ জন, ময়মনসিংহে দুইজনসহ ৫২ জন,খুলনাতে হামের উপসর্গে ২৪ জন এবং রংপুর বিভাগে হামের উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।
এমএমআর