গণতন্ত্র কোনো যান্ত্রিক ব্যবস্থা নয়, বরং এটি একটি মানসিকতার বিষয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, গত ১৭ বছর দেশে সমালোচনার শোনার মতো মানসিকতা ছিল না এবং টিভি চ্যানেলগুলোকে সরকারের পক্ষে কথা বলতে বাধ্য করা হতো।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে নিয়মিত রিফিং এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার এই মানসিকতা পরিবর্তনের অঙ্গীকার করেছে এবং স্পষ্ট জানিয়েছে যে, সরকার কাউকে নিয়ন্ত্রণ করবে না বা কারো মুখ বন্ধ করবে না।
সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকার নতুন কোনো উদ্যোগ নিচ্ছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, সেই উদ্যোগ অব্যাহত আছে।
তিনি বলেন, ইন্ডিয়ান এক্সপ্রেস কর্তৃক আমরা দেখেছি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারটা নাকি এখন ভারত আদালতের উপর ছেড়ে দেবে।
মন্ত্রী বলেন, বিষয়টি ভারতের আদালতে গেলে পরিস্থিতি সুখকর হবে না।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে এবং একটি ভেঙে পড়া সিস্টেমকে ঠিক করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, গত ছয় মাসে গণমাধ্যমের ওপর কোনো অশুভ প্রভাব বিস্তার করা হয়নি। গত ছয় মাসে কোনো গোয়েন্দা সংস্থা থেকে গণমাধ্যমে কোনো খবর ছাপানো বা না ছাপানোর জন্য ফোন আসেনি।
এছাড়াও এই সময়ে সরকারের মদদে কোনো গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন । তিনি আরও বলেন, সরকারের সমালোচনা করার পূর্ণ স্বাধীনতা সকলের রয়েছে।