মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায় দেশটির ওপর চাপিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর আনন্দে কেঁদেছেন কক্সবাজারের শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। কেউ স্বজনকে জড়িয়ে ধরে কেঁদেছেন, কেউ আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আবার কেউ বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে বসে রায়ের খবর শুনেছেন। দীর্ঘদিনের নির্যাতন ও বাস্তুচ্যুতির পর এই রায়কে নিজেদের ভোগান্তির আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন তারা। একই সঙ্গে নতুন করে আশা করছেন, এবার হয়তো নিজ দেশে ফেরার পথ খুলবে।
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরের ১-ই ক্যাম্পের আশ্রয়কেন্দ্রে বসে মোবাইলফোনে খবর দেখছিলেন উম্মে রুমান। বিকেল থেকেই আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু ইন্টারনেটের ধীরগতির কারণে সরাসরি সম্প্রচার বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। পরে ফেসবুক খুলে একটি শিরোনাম দেখতে পান তিনি। তাতে লেখা ছিল, ‘আইসিজে নিশ্চিত করেছে, মিয়ানমার গণহত্যা চালিয়েছে।’
খবরটি দেখেই আবেগাপ্লুত হয়ে পড়েন রুমান। আনন্দে লাফিয়ে ওঠেন। তার ভাবি তখন রান্না করছিলেন। রুমান দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেন। কী ঘটেছে, তা বলার আগেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
রুমান বলেন, ‘আনন্দে আমার চোখে পানি চলে এসেছিল। কারণ, এই প্রথম বিশ্ব স্বীকার করল, আমাদের সঙ্গে কী ঘটেছিল।’
গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছেন, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায় দেশটির। ওই অভিযানে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিলেন বলে আদালত উল্লেখ করেছেন।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় দেওয়া এই ঐতিহাসিক রায়ে বছরের পর বছর ধরে অস্বীকার করে আসা রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার স্বীকৃতি মিলেছে। প্রায় এক দশক ধরে বিচার পাওয়ার অপেক্ষায় থাকা শরণার্থীদের মধ্যে রায়টি স্বস্তি, আবেগ ও নতুন আশার সঞ্চার করেছে।
রুমান বলেন, ‘আমার কাছে এটি শুধু একটি আইনি রায় নয়। এটি আমাদের ভোগান্তির প্রমাণ।’
শরণার্থীশিবিরের বিভিন্ন ব্লকে মোবাইলফোন, ল্যাপটপ ও বড় পর্দায় রায়ের খবর অনুসরণ করেছেন রোহিঙ্গারা। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ পরিবারের সদস্যদের নিয়ে বসেছিলেন। অনেকে ফেসবুক ও ইউটিউবে আদালতের কার্যক্রম অনুসরণ করেছেন।
১৮ বছর বয়সি মোহাম্মদ রেহান তার কমিউনিটি শিক্ষক ও বন্ধুদের সঙ্গে একটি ল্যাপটপে রায়ের খবর দেখেছেন। তিনি বলেন, ‘কিছু নারী কাঁদছিলেন, আবার কেউ কেউ আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন। আমি বিশেষ কিছু করিনি। শুধু বসে খবর শুনছিলাম। আশা করছিলাম, এমন কোনো সুসংবাদ পাব, যা ভবিষ্যতে আমাদের শান্তিপূর্ণ জীবন এনে দেবে।’
রেহানের কাছে রায়ের পর প্রথম যে ভাবনাটি এসেছিল, তা হলো—এই সিদ্ধান্ত হয়তো রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার পথ খুলে দিতে পারে।
তিনি বলেন, ‘শুধু এমনটা কল্পনা করেই আমি খুব আনন্দিত হয়েছিলাম।’
রায়ের খবর দ্রুত ছড়িয়ে পড়ে শরণার্থীশিবিরের বিভিন্ন ব্লকে। রেহান জানান, মানুষ আনন্দ উদ্যাপন করছিলেন। বয়স্ক শরণার্থীরা মামলাটি নিয়ে আলোচনা করছিলেন। তারা এ মামলা আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গাম্বিয়ার ভূমিকার কথাও স্মরণ করছিলেন।
রোহিঙ্গাদের ওপর সংঘটিত সহিংসতার সঙ্গে গাম্বিয়ার সরাসরি কোনো সম্পর্ক ছিল না। তবে ১৯৪৮ সালের গণহত্যা সনদের সদস্য দেশ হিসেবে গণহত্যা প্রতিরোধ ও এ ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে দেশটির। ২০২২ সালে আন্তর্জাতিক বিচার আদালত রায় দেন, এ ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে মামলা করার অধিকার গাম্বিয়ার রয়েছে।
রেহান তার মাকে রায়ের খবর জানালে তিনিও আনন্দিত হন। রেহান বলেন, ‘মা বলছিলেন, আমরা জিতেছি। এবার আমরা আমাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারব।’
তবে এই আনন্দ উদ্যাপনের মধ্যেও শরণার্থীশিবিরের কঠিন বাস্তবতা বদলায়নি। বৃহস্পতিবার বঙ্গোপসাগরের দিকে ঘূর্ণিঝড় আকভান এগিয়ে আসছিল। এ সময় কক্সবাজারের শিবিরগুলোতে বৃষ্টি হচ্ছিল। গাদাগাদি করে তৈরি আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর দুর্ভোগ আরো বেড়ে যায়।
রায়টি রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতি দিলেও শরণার্থীজীবনের প্রতিদিনের কষ্ট যে তাতে দূর হয়নি, বৃষ্টি ও দুর্যোগের মধ্যে সেই বাস্তবতাই আবার সামনে আসে।
রোহিঙ্গা তরুণ নুরুল আমিন বলেন, আদালত গণহত্যার স্বীকৃতি দেওয়ায় তিনি খুশি হয়েছেন। তবে একই সঙ্গে ২০১৭ সালের ভয়াবহ ঘটনাগুলোও তার মনে পড়ে গেছে।
তিনি বলেন, ‘আমি খুশি হয়েছিলাম। কিন্তু একই সঙ্গে ২০১৭ সালে আমাদের সঙ্গে কী ঘটেছিল, তা মনে পড়ছিল। ভয়াবহ সামরিক অভিযান, আমার ওপর চালানো নির্যাতন এবং যে বাড়ি ছেড়ে আমাকে চলে আসতে হয়েছিল, সেসব স্মৃতি মনে পড়ছিল।’
রোহিঙ্গা অধিকারকর্মী রহিমুল্লাহ বলেন, আদালতের ঘোষণার পর তার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এই রায় তাকে হারিয়ে যাওয়া স্বজনদের কথা এবং বাস্তুচ্যুতির সেই ভয়াবহ দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে।
তার মতে, রায়টি স্বস্তি ও নতুন আশার উপলক্ষ হলেও এতে হারিয়ে যাওয়া স্বজনেরা ফিরে আসবেন না। অতীতের বেদনাদায়ক স্মৃতিও মুছে যাবে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকট নিয়ে গবেষণা করছেন। তার মতে, ভুক্তভোগীদের দৃষ্টিকোণ থেকে বিচার ও জবাবদিহি নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নাসির উদ্দিন বলেন, ‘একবিংশ শতাব্দীতে আমরা উদার গণতন্ত্র, বিশ্বায়ন ও বৈশ্বিক ন্যায়বিচারের কথা বলি। অথচ আমাদের চোখের সামনে এত বড় একটি গণহত্যা সংঘটিত হয়েছে। বৈশ্বিক ন্যায়বিচারের ধারণা প্রতিষ্ঠার জন্য এই রায় ছিল অত্যন্ত জরুরি।’
আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক আবাসিক জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান মনে করেন, এই রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের কাছ থেকে আরো জোরালো নিশ্চয়তা চাইতে হবে বাংলাদেশকে। প্রত্যাবাসনের যেকোনো ব্যবস্থায় রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
আলজাজিরাকে কুগেলম্যান বলেন, ‘আমার মনে হয়, এই রায়ের প্রভাব বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনার গতিপ্রকৃতিতেও পড়বে। কারণ, এখন একটি আন্তর্জাতিক আদালত বলেছে, রোহিঙ্গারা গণহত্যার শিকার হয়েছেন।’
তবে রোহিঙ্গাদের কাছে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এখনো নিজ দেশে ফেরা। তারা চান, নৃশংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা হোক। তাদের অধিকার ও নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হোক। একই সঙ্গে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করা হোক।
নুরুল আমিন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যেন শুধু রোহিঙ্গাদের মানবিক সংকটের দিকেই নজর না দেয়। তাদের বাস্তুচ্যুত হওয়ার পেছনের রাজনৈতিক কারণগুলোও সমাধানের উদ্যোগ নেয়। মিয়ানমারে স্বাধীনতা, গণতন্ত্র, বৈষম্যের অবসান এবং সামরিক স্বৈরশাসনের অবসান চান তিনি।
নুরুল আমিন বলেন, ‘আমরা আশা করছি, এই রায়ের মধ্য দিয়ে আরো বড় কিছু ঘটবে। আমরা যেন শেষ পর্যন্ত নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে মাতৃভূমিতে ফিরতে পারি।’
এএম