হোম > জাতীয়

কর্মবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়নের তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার

বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন ও পরিমার্জন এবং গবেষণাকর্মে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞতা শ্রেণিকক্ষে তুলে ধরা এবং শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শনের সুযোগ তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আয়োজিত ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে যুক্ত করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। এ জন্য শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের শ্রেণিকক্ষে আমন্ত্রণ জানিয়ে তাঁদের বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শন করে সেখানকার কাজের ধরন ও সমস্যাগুলো বোঝার ওপর গুরুত্বারোপ করেন।

অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার যথেষ্ট সমন্বয় নেই। অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বের হতে পারছেন না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে।

শিল্পপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ওষুধ, বস্ত্র ও টেলিযোগাযোগ খাতের অনেক প্রতিষ্ঠান সফটওয়্যার, প্রযুক্তি ও যন্ত্রপাতির জন্য বিদেশের ওপর নির্ভরশীল। উৎপাদন বা রাসায়নিক প্রক্রিয়ায় সমস্যা দেখা দিলেও বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিতে হয়। এমনকি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের জন্য মাইক্রোপিপেটের টিপসের মতো সামগ্রীও আমদানি করতে হয়। এসব সমস্যার সমাধানে দেশের গবেষকদের সক্ষমতা কাজে লাগানো প্রয়োজন।

ইউজিসি চেয়ারম্যান শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের সমস্যা চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সঙ্গে যৌথভাবে গবেষণা প্রস্তাব তৈরির আহ্বান জানান। এসব প্রস্তাব ইউজিসিতে জমা দিলে কমিশন অর্থায়নের ব্যবস্থা করবে বলেও জানান তিনি। তাঁর মতে, গবেষণার অগ্রাধিকার হওয়া উচিত শিল্প ও দেশের বাস্তব সমস্যার সমাধান।

গবেষণার ক্ষেত্র শুধু বিজ্ঞান ও প্রযুক্তিতে সীমাবদ্ধ না রাখার ওপরও গুরুত্ব দেন অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, কৃষি, মৎস্য, জলবায়ু পরিবর্তন, ওষুধ ও রাসায়নিক শিল্প এবং পর্যটন খাতের বিভিন্ন সমস্যা নিয়েও যৌথ গবেষণার সুযোগ রয়েছে।

শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে সফট স্কিল উন্নয়ন ও ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান ইউজিসি চেয়ারম্যান। আগামী পাঁচ বছরের মধ্যে সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ চালুর লক্ষ্য রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরির উদ্যোগের কথাও জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এবং গোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান।

এ ছাড়া সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেট্রোরেল নির্মাণকাজে টাটা প্রজেক্টসকে যুক্ত করার সিদ্ধান্ত উদ্বেগজনক: ডাঃ ইরান

পতিত অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সারাদেশের ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করবে ইউট্যাব

প্রলয় কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে

নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

যৌথ বিনিয়োগে দেশে বৈদ্যুতিক গাড়ি তৈরি করতে চায় প্রগতি

দেশে অনুমোদিত অটোরিকশার চার্জিং স্টেশন ৫০ হাজার ৯৫১টি

কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

কপ সম্মেলনের পরিভাষা বুঝতে বাংলা শব্দকোষ প্রকাশ

শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আধুনিক হচ্ছে কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র, বাড়বে সক্ষমতা দ্বিগুণ