হোম > প্রকৃতি ও পরিবেশ

রেকর্ড তাপে ফুটছে সমুদ্র

বিবিসি

প্রতীকী ছবি

বিশ্বের সমুদ্র যেন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। রেকর্ডের পর রেকর্ড ভাঙছে পানির তাপমাত্রা। এবার মেরু অঞ্চল বাদে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা উঠে গেছে ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। এটিই এখন পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা।

সবচেয়ে উদ্বেগের বিষয়, এই রেকর্ড ভাঙছে এমন এক সময়ে, যখন শক্তিশালী হয়ে ওঠা এল নিনো এখনো তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি। বিজ্ঞানীদের আশঙ্কা, এল নিনো আরো শক্তিশালী হলে সমুদ্রের তাপমাত্রা আরো বাড়তে পারে।

ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, শনিবার সমুদ্রের গড় তাপমাত্রা ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এর আগে ২০২৪ সালের মার্চে তিন দিন ২১ দশমিক ০৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এবার সেই রেকর্ড সামান্য ছাড়িয়ে গেছে।

তাপমাত্রার ব্যবধান খুব বেশি নয়। বৈশ্বিক হিসাবেও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। কিন্তু বিজ্ঞানীদের কাছে রেকর্ড ভাঙার সময়টাই বড় উদ্বেগের কারণ।

সাধারণত মার্চ বা এপ্রিলে বিশ্বজুড়ে সমুদ্রের গড় তাপমাত্রা সর্বোচ্চ হয়। তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মের শেষ সময় থাকে। অথচ এবার আগস্টেই সেই রেকর্ড ভেঙেছে।

দক্ষিণ গোলার্ধে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের পরিমাণ বেশি। ফলে বৈশ্বিক গড় সমুদ্র তাপমাত্রায় এই অঞ্চলের প্রভাবও বেশি।

কোপার্নিকাসের উপপরিচালক সামান্থা বার্গেস বলেন, এই রেকর্ড সমুদ্রের ওপর বাড়তে থাকা চাপের আরেকটি স্পষ্ট সংকেত।

তার মতে, এল নিনো বর্তমানে সমুদ্রব্যবস্থায় বাড়তি তাপ যোগ করছে। তবে এর ভিত্তি তৈরি হয়েছে মানুষের কর্মকাণ্ডে কয়েক দশকের উষ্ণায়নের মাধ্যমে।

এল নিনো এখনো চূড়ায় পৌঁছায়নি

এল নিনো একটি প্রাকৃতিক আবহাওয়া পরিস্থিতি। এ সময় নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলে অস্বাভাবিক উষ্ণ পানি ভূপৃষ্ঠে উঠে আসে। বিশাল এলাকায় সমুদ্রের পানি উষ্ণ হলে বৈশ্বিক গড় তাপমাত্রাও সাধারণত বেড়ে যায়।

বিজ্ঞানীরা বলছেন, এল নিনো বড়দিনের সময় পর্যন্ত শক্তিশালী হতে পারে। এটি কয়েক শতকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনোতে পরিণত হওয়ার পথে রয়েছে বলেও সতর্ক করেছেন তারা।

ন্যাশনাল ওশানোগ্রাফি সেন্টারের জ্যেষ্ঠ গবেষক জেরেমি গ্রিস্ট বলেন, এল নিনো সর্বোচ্চ শক্তিতে পৌঁছানোর আগেই সমুদ্রের তাপমাত্রার রেকর্ড ভাঙা এর শক্তি বৃদ্ধির একটি প্রাথমিক ইঙ্গিত।

তার ধারণা, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে ২০২৭ সালের মার্চ বা এপ্রিলে সমুদ্রের তাপমাত্রার রেকর্ড আবারও ভাঙতে পারে।

ইউরোপের সমুদ্রেও দীর্ঘ তাপপ্রবাহ

শুধু দূরবর্তী মহাসাগর নয়, যুক্তরাজ্য ও ইউরোপের আশপাশের সমুদ্রও অস্বাভাবিক উষ্ণ হয়ে উঠেছে।

প্লাইমাউথ মেরিন ল্যাবরেটরির বিজ্ঞান পরিচালক টিম স্মাইথ জানান, পশ্চিম ইংলিশ চ্যানেলে তিন বছরের বেশি সময় ধরে প্রায় টানা সামুদ্রিক তাপপ্রবাহ চলছে। জুলাইয়ে সেখানে পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

স্মাইথের ভাষায়, এটি নজিরবিহীন।

বাড়ছে ঝড়, বন্যা ও সামুদ্রিক প্রাণীর ঝুঁকি

সমুদ্রের এই অস্বাভাবিক উষ্ণতার প্রভাব শুধু পানির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। উষ্ণ সমুদ্র ঝড়কে অতিরিক্ত আর্দ্রতা ও শক্তি জোগায়। ফলে চরম আবহাওয়ার ঘটনা আরো তীব্র হতে পারে।

উষ্ণ সমুদ্র উপকূলীয় কিছু এলাকায় স্থলভাগের তাপপ্রবাহও বাড়িয়ে দিতে পারে। কারণ, উষ্ণ সমুদ্রের বাতাস উপকূলকে আগের মতো ঠান্ডা করতে পারে না।

আরও একটি বড় বিপদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। উষ্ণ পানি বেশি জায়গা দখল করে। ফলে সমুদ্রপৃষ্ঠ বাড়ে এবং উপকূলীয় বন্যার ঝুঁকি বাড়তে থাকে।

সামুদ্রিক প্রাণী ও বাস্তুতন্ত্রের ওপরও এর বড় আঘাত আসতে পারে। প্রবালপ্রাচীরসহ বিভিন্ন সামুদ্রিক আবাসস্থল অতিরিক্ত তাপে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

মানুষের গ্রিনহাউস গ্যাস নিঃসরণের কারণে আটকে পড়া অতিরিক্ত তাপের ৯০ শতাংশের বেশি শোষণ করে সমুদ্র। জীবাশ্ম জ্বালানি পোড়ানো এসব নিঃসরণের প্রধান উৎস।

বার্গেস বলেন, সামুদ্রিক তাপপ্রবাহের ক্রমবর্ধমান প্রবণতা সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং এর ওপর নির্ভরশীল মানুষের ওপর ক্রমেই বেশি চাপ তৈরি করছে।

সমুদ্রের নতুন এই তাপমাত্রার রেকর্ড তাই কেবল একটি নতুন সংখ্যা নয়। বিজ্ঞানীদের চোখে এটি পৃথিবীর জলবায়ু ব্যবস্থা কতটা দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে, তার আরেকটি বড় সতর্কসংকেত।

এএম

জলবায়ু পরিবর্তন নিয়ে রাজনীতিকদের অবাস্তব বক্তব্যে অপূরণীয় ক্ষতি

দুই বছর আগেই বন্ধ হচ্ছে সুন্দরবনের জলবায়ু প্রকল্প

ঢাকার আকাশ কেমন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল, চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তীব্র ভ্যাপসা গরম আর কতদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর

জলবায়ু সংকট: কম কার্বন নিঃসরণকারী দেশই কেন বেশি ক্ষতিগ্রস্ত

ঢাকার আকাশ আজ যেমন থাকবে

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস