হোম > প্রকৃতি ও পরিবেশ

তাপমাত্রা আরো বাড়তে পারে ঢাকায়, উপকূলে বৃষ্টির আভাস

স্টাফ রিপোর্টার

দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় বাড়ছে তাপমাত্রা। তবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় আগের মতো ভ্যাপসা গরমের অস্বস্তি তুলনামূলক কম অনুভূত হচ্ছে।

বুধবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজধানী ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আগামীকাল বৃহস্পতিবার বা শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বুধবার সকাল ৯টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের তিন বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আজ ঢাকার তাপমাত্রা আরো বাড়তে পারে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৯ মিলিমিটার, রাঙামাটিতে ২৭ মিলিমিটার, চট্টগ্রামে ২ মিলিমিটার এবং কক্সবাজারে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমবাগানেও সামান্য বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকা ও সন্দ্বীপে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া নারায়ণগঞ্জ, ফরিদপুর, মৌলভীবাজার, চাঁদপুর, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, মৌসুমি বায়ু বিদায়ের পর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় তাপমাত্রা বাড়লেও ভ্যাপসা গরমের অস্বস্তি তুলনামূলক কম অনুভূত হচ্ছে। তবে বর্ষা মৌসুম শেষ হলেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। দেশের মোট বৃষ্টিপাতের প্রায় ৭২ শতাংশ বর্ষাকালে হয়। বছরের অন্য সময়েও বৃষ্টি হয়। বিশেষ করে অক্টোবর-নভেম্বরে বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর প্রভাব পড়তে পারে।

এদিকে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী কয়েক দিনে দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে।

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রচারাভিযান চালাচ্ছে ইউএনডিপি

কলড্রপে নাকাল মোবাইল গ্রাহক, পাঁচ বছরে ৬৬ হাজারের বেশি অভিযোগ

তাপমাত্রা বাড়লেও অস্বস্তিকর ভ্যাপসা গরমের সম্ভাবনা নেই

মৌসুমি বায়ুর বিদায়ে দেশের আবহাওয়ায় বৈচিত্র্যময় পরিবর্তন

তিনদিন বৃষ্টি হতে পারে উপকূলে, ভিজবে ঢাকাও

বাড়তে পারে সারা দেশের তাপমাত্রা

মৌসুমি বায়ুর বিদায়ে দেশের আবহাওয়ায় কী ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে

মৌসুমি বায়ু বিদায় নিতেই বদলে যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি

পাঁচ লাখ পেঙ্গুইন উধাও, হারাল বিশ্বের বৃহত্তম কলোনির খেতাব

মৌসুমি বায়ুর বিদায় কাল, বৃষ্টিরও বিদায় ঘণ্টা