আগের কয়েকদিনের তুলনায় আজ সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কম ছিল; এতে তাপমাত্রা বেড়ে দেশজুড়ে ভ্যাপসা গরম ছড়িয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, বৃষ্টিপাত কমে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাতাসে আর্দ্রতার আধিক্যের কারণে তাপমাত্রার চেয়েও বেশি গরম অনুভূত হচ্ছে। তবে আগামীকাল শুক্রবার থেকে শনিবার পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে; এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে ভ্যাপসা গরম অব্যাহত পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে জানান, নিম্নচাপ চলেও যাওয়ার পরও এর প্রভাবে দেশের উপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। ফলে আগামীকাল শুক্রবার ও শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। তবে সেটা আগের মতো অতিভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
তিনি আরো জানান, আগামী রোববার কিংবা সোমবার নাগাদ বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আবারও উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়তে পারে কয়েকদিন ধরে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত সিলেটে সর্বোচ্চ ১২ মিলিমিটারসহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি সামান্য ছাড়া সারা দেশের আবহাওয়া সাধারণত শুষ্ক ছিল। সেই সাথে আগের কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়ে এবং বাতাসে আর্দ্রতার আধিক্যে ভ্যাপসা গরম বেড়েছে। আজ বৃহস্পতিবার সারা দেশের কুড়িগ্রামের রাজারহাটে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস; এসময় রাজধানীর তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ছয়টা নাগাদ আগের ২৪ ঘণ্টায় ১২ মিলিমিটার বৃষ্টি হলেও বিকাল পর্যন্ত রাজধানীতে কোনো বৃষ্টি হয়নি। আর সকাল ছয়টা পর্যন্ত সারাদেশের মধ্যে লক্ষ্মীপুরের রামগতিতে সর্বোচ্চ ২৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
এদিকে স্থল নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আগামী রোববার কিংবা সোমবার বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে রোববার থেকে উপকূলীয় এলাকাসহ আবারও সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
এর আগে কয়েক দিন ধরে নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামে ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ১৭ আগস্ট সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, যার মধ্যে শেষ তিন ঘণ্টাতেই ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়।
আবহাওয়াবিদদের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সাম্প্রতিক আপডেট তথ্যে জানা গেছে যে, আগামী পাঁচ দিন বা তার পরেও সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।