বৃষ্টির প্রবণতা কমে আগের দিনের তুলনায় আজ মঙ্গলবার সারা দেশে তাপমাত্রা আরো বাড়বে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সেই সঙ্গে গতকাল সোমবার থেকে দেশের পাঁচ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এতে আজ সারা দেশে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
আজ সকালে রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা হয়নি। বরং সকাল থেকেই আকাশ পরিষ্কার রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের প্রখড়তা বাড়ছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সাধারণত দেশের একাধিক জেলায় তাপমাত্রা ৩৬ কিংবা এর বেশি তাপমাত্রা দেখা দিলে মৃদু তাপপ্রবাহ ঘোষণা করে আবহাওয়া অধিদপ্তর । সোমবার সন্ধ্যা ৬টায় সংস্থাটির দেওয়া তথ্য পর্যালোচনায় দেখা যায়, আগের দিনের তুলনায় সোমবার সারা দেশেই তাপমাত্রা বেড়েছে। সোমবার রাজশাহীতে সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পাবনার ইশ্বরদীতে ৩৬ দশমিক ৬, খুলনায় ৩৬ দশমিক ৫ এবং চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এছাড়া দেশের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
পূর্বাভাসে আরো বলা হয়, মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
অন্যদিকে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা কমেছে। সোমবার সিলেটে সর্বোচ্চ ৯৬ মিলিমিটার বৃষ্টি হলেও দেশের অন্যান্য অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। এ সময় রাজধানীতে কোনো বৃষ্টি হয়নি।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আমার দেশকে বলেন, মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হলেও ভ্যাপসা গরম অনুভূত হবে। কেননা, এখন দক্ষিণা বায়ু প্রবাহিত হয়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের তীব্রতা বেড়েছে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, চট্টগ্রাম অঞ্চলে মৌসুমি বায়ু প্রবেশ করলেও তা সারা দেশে ছড়াতে মধ্যজুন লেগে যেতে পারে। ফলে আগামী ১২ কিংবা ১৩ জুন থেকে বর্ষার বৃষ্টির আমেজ শুরু হতে পারে।
তিনি আরো বলেন, এখনোই তাপপ্রবাহ প্রশমিত হচ্ছে না; মৌসুমি বায়ু সারা দেশে ছড়িয়ে পড়ার আগপর্যন্ত ভ্যাপসা গরম ও তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এমবি