হোম > প্রকৃতি ও পরিবেশ

বর্ষায় বৃষ্টি হলেও তাপমাত্রার চেয়ে বেশি গরম অনুভূত হবে

স্টাফ রিপোর্টার

বৃষ্টির প্রবণতা বেড়ে মঙ্গলবার সারাদেশে তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী দুইদিন তাপমাত্রা আরো কমতে পারে। তবে দক্ষিণ-পশ্চিমা মৌসুমি বায়ুর কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমের তীব্রতা থেকেই যাবে। এক্ষেত্রে কোনো কোনো দিন তাপমাত্রার চেয়েও বেশি গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ প্রসঙ্গে মঙ্গলবার রাতে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক আমার দেশকে বলেন, বর্তমানে দক্ষিণ-পশ্চিমা মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে সক্রিয় হয়েছে। দেশের বাকী এলাকাগুলোতে আগামী দুই-তিনদিনের মধ্যে সক্রিয় হতে পারে। এরফলে ইতোমধ্যে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে; মৌসুমি বায়ু সারাদেশে সক্রিয় হলে বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে। আগামী দুইদিন বৃষ্টির প্রভাবে সারাদেশে তাপমাত্রা কমে ৩২ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

তিনি আরো বলেন, বৃষ্টি হলেও এবার বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকবে। এছাড়া এবার এল নিনো সক্রিয় থাকায় সারাবিশ্বেই এর প্রভাব থাকবে। এতে বর্ষাকালে থেমে থেমে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে তাপমাত্রার চেয়েও বেশি ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের প্রতিটি বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। এরমধ্যে বেশি বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা গেছে রংপুর বিভাগে। তবে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় সিলেটে ৬৭ মিলিমিটার। রাজধানীতে সন্ধ্যা ছয়টা পর হালকা বৃষ্টি হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেছে।

আবহাওয়াবিদ ড. মল্লিক বলেছেন, আজ বুধবার রাজধানীতেও বৃষ্টি হতে পারে।

সাধারণত দেশের একাধিক জেলায় তাপমাত্রা ৩৬ কিংবা এর বেশি তাপমাত্রা দেখা দিলে মৃদু তাপপ্রবাহ ঘোষণা করে আবহাওয়া অধিদপ্তর । মঙ্গলবার বৃষ্টির প্রভাবে তাপপ্রবাহ প্রশমিত হয়েছে। যদিও আগের দিন সোমবার দেশের ৫ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গিয়েছিল।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টা সংস্থাটির দেওয়া তথ্য পর্যালোচনায় দেখা যায়, আগের দিনের তুলনায় মঙ্গলবার সারাদেশেই তাপমাত্রা কমেছে। মঙ্গলবার যশোরে সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টার পূর্বাভাসে আরো বলা হয়, বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তাপমাত্রা বেড়ে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হতে পারে

ফের তাপপ্রবাহ, সারাদেশে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

আগামী ৩-৪ দিনে সারা দেশে বাড়তে পারে ভারি বৃষ্টি

দেশে মৌসুমি বায়ুর প্রবেশ, বর্ষাকালের আনুষ্ঠানিক সূচনা

দেশের আবহাওয়ায় কী ধরনের পরিবর্তন আসতে পারে

পরিবেশ ধ্বংসকারী উন্নত দেশগুলোকেই ক্ষতিপূরণ দিতে হবে

বৃষ্টিতে সারা দেশে তাপপ্রবাহ প্রশমিত, জনজীবনে স্বস্তি

তীব্র ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি, প্রাণ ফিরল জনজীবনে

অসহনীয় ভ্যাপসা গরমে ছটফট করছে মানুষ

প্রচণ্ড গরমে সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর