হোম > প্রকৃতি ও পরিবেশ

ভ্যাপসা গরমে জনজীবন হাঁসফাঁস, বৃষ্টি বাড়বে কবে থেকে

স্টাফ রিপোর্টার

আগের কয়েকদিনের তুলনায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়লেও সহজে কমছে না ভ্যাপসা গরমের দাপট। ভাদ্রের প্রখর রোদ ও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় প্রকৃত তাপমাত্রার চেয়ে ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম অনুভূত হচ্ছে। এতে দেশজুড়ে জনজীবনে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় বেশি। আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রিকে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। এই হিসাবে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মৃদু তাপপ্রবাহ বইলেও তা আনুষ্ঠানিক প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে না বলে জানা গেছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, এই সময়ে মাঝেমধ্যে বৃষ্টি হলেও তা গরম কমাতে পারছে না; বরং বৃষ্টির পরই রোদের তীব্রতায় ভ্যাপসা গরম আরও বেড়ে যাচ্ছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ঘামের মাধ্যমে শরীর থেকে তাপ বের হওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, ফলে থার্মোমিটারের তাপমাত্রার চেয়ে গরম বেশি অনুভূত হয়।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে রোববার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও দেখা যায়, ঝাড়খণ্ড সংলগ্ন এলাকার লঘুচাপটি উত্তর-পশ্চিমে সরে বর্তমানে মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় সন্ধ্যার পর থেকে বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এবং কোনো কোনো অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, যা পরদিনও অব্যাহত থাকতে পারে। এর আগে নতুন করে সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, লঘুচাপের প্রভাবে শনিবার সন্ধ্যা থেকেই উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপর ধাপে ধাপে সারা দেশেই বৃষ্টি বাড়তে পারে এবং তা কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তবে আবহাওয়াবিদেরা সতর্ক করে বলছেন, বৃষ্টি বাড়লেও তাপমাত্রার বড় কোনো পরিবর্তন আসবে না; বরং বৃষ্টি কমে গেলে ভ্যাপসা গরম আবার বেড়ে যেতে পারে। বর্ষা মৌসুমে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল, বর্তমান পরিস্থিতি তারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

১১ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় আজ বজ্রবৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ভাদ্র-আশ্বিনজুড়ে থাকবে গরমের দাপট

জলবায়ু পরিবর্তন নিয়ে রাজনীতিকদের অবাস্তব বক্তব্যে অপূরণীয় ক্ষতি

রেকর্ড তাপে ফুটছে সমুদ্র

দুই বছর আগেই বন্ধ হচ্ছে সুন্দরবনের জলবায়ু প্রকল্প

ঢাকার আকাশ কেমন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল, চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি