হোম > প্রকৃতি ও পরিবেশ

গ্রীষ্মেই বর্ষার আমেজ, কয়েক বছরের মধ্যে গরম কম

সরদার আনিছ

ছবি: সংগৃহীত

দেশে এবার গত কয়েক বছরের তুলনায় গরম বেশ কম অনুভূত হচ্ছে। পশ্চিমা লঘুচাপ আগেভাগেই সক্রিয় হওয়া, কালবৈশাখী ও বৃষ্টির কারণে তাপমাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে। পুরো মে মাসে বৃষ্টি ও তাপমাত্রা স্বাভাবিক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি বছরের এপ্রিল-মে মাসে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী আর বৃষ্টির প্রভাবে গরমের তীব্রতা কমে পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা আমার দেশকে বলেন, এবার আগেভাগেই পশ্চিমা লঘুচাপ সক্রিয় হওয়া এবং দখিনা বায়ু বঙ্গোপসাগর থেকে উপরের দিকে উঠে আসায় জলীয় বাষ্পের সংমিশ্রণে বাতাস সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ে বাধাগ্রস্ত হয়ে প্রচুর মেঘমালা তৈরি হয়েছে। ফলে এবার বর্ষা মৌসুমের আগেই বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়েছে। তবে মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এবারের আবহাওয়া অনেকটাই স্বস্তিদায়ক বলা চলে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ২০২৪ সালে টানা ২৬ দিন এবং ২০২৩ সালে ২২ দিন দেশে তাপপ্রবাহ ছিল। তবে এবার মাঝেমধ্যে তাপপ্রবাহ বয়ে গেলেও গত বছরের মতো তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। এবার তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টি থাকবে।

আবহাওয়াবিদেরা বলছেন, যে বছর কালবৈশাখী বেশি হয়, সে বছর তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণে থাকে। ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের এপ্রিল মাসে যে ভয়াবহ তাপপ্রবাহ (৪২-৪৩ ডিগ্রি সেলসিয়াস) ছিল, এবার এ পর্যন্ত তার তীব্রতা কম। গত বছরের ১০ মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের বছর ২০২৪ সালে দেশে প্রচণ্ড তাপপ্রবাহের সময় এপ্রিল মাসে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়, মৌসুমের সবচেয়ে দ্বিতীয় উষ্ণতম মে মাসে সর্বোচ্চ ১৮ দিন বৃষ্টি হতে পারে। তবে এ মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি কিংবা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই।

গত রোববার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মমিনুল ইসলাম স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, চলতি মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ পাঁচ থেকে আট দিন হালকা কিংবা মাঝারি, যার মধ্যে দুই থেকে তিন দিন তীব্র কালবৈশাখীসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর আগে মৌসুমের সবচেয়ে উষ্ণতম মাস এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি বৃষ্টি হলেও চলতি মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী জুন-জুলাই মাসে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মে মাস মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস হলেও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলছে, এ মাসে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহ হতে পারে।

এদিকে, মৌসুমের সবচেয়ে উষ্ণতম মাস এপ্রিলে এবার দেশে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশের বেশি বৃষ্টি হয়েছে। আট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরিশাল বিভাগে। এই বৃষ্টির কারণে এপ্রিল মাসে তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কম ছিল। ওই মাসে মাত্র এক দিন সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। সর্বনিম্ন ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।

দেশের আট বিভাগের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বরিশাল বিভাগে। ওই বিভাগে ১৬৯ শতাংশের বেশি বৃষ্টি হয়েছে। তবে রাজশাহী বিভাগে স্বাভাবিকের চেয়ে সামান্য কম বৃষ্টি হয়েছে। ঢাকা বিভাগে প্রায় ৮০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

চলতি বছর গরমের মৌসুম শুরুর দিকেই আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছিল, এপ্রিলে গরম তত তীব্র হবে না। গত ২২ এপ্রিল শুধু এক দিন রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ২৩ এপ্রিল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এটাই চলতি মৌসুমে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা।

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

উত্তর-পূর্বাঞ্চলের আট নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ের আভাস

বৃষ্টির বিষয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

যেসব অঞ্চলে হতে পারে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়া

২০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের যেসব অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি

আট বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা

দুপুরের আগেই ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি