হোম > প্রকৃতি ও পরিবেশ

লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ

স্টাফ রিপোর্টার

পশ্চিমা লঘুচাপের কারণে সারাদেশেই কমবেশি বৃষ্টি হলেও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এ অবস্থা আগামী ৫ দিন অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ মালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে আগামী শনিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে জানিয়েছে।

আবহাওয়া দপ্তরের ভাষায়, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারী বৃষ্টিপাত। এদিকে থেকে বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ আগের ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দিনাজপুরে সর্বোচ্চ ১৪৪ মিলিমিটার ও কুড়িগ্রামের রাজারহাটে ১১৭ মিলিমিটার অতিভারী বৃষ্টি হয়েছে। এছাড়াও নীলফামারীর সৈয়দপুরে ৮৬, রংপুরে ৮২, সিরাজগঞ্জের তাড়াশে ৭৪, ফরিদপুরে ৬৯, মাদারীপুরে ৫৭ ও সিলেটে ৪৯ মিলিমিটারসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে। এ সময় রাজধানীতে মাঝারি ভারি বৃষ্টি হয়েছে ৪৩ মিলিমিটার। তবে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হয়েছে।

এদিকে সংশোধিত নদীবন্দরগুলোর সতর্কবার্তায় বলা হয়েছে আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে বারবার এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সংস্থাটির সন্ধ্যায় ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর অপর বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ৫ দিনে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানেও অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনে ওইসব এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া দেশের অন্যত্র দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামীকাল শুক্রবারও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শনিবারও একই অবস্থা থাকতে পারে। এছাড়া আগামী রোববার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, আগামী শনিবার পর্যন্ত সারাদেশেই কমবেশি বৃষ্টি হলেও উত্তর-পূর্বাঞ্চলের চার বিভাগে বেশি ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। এরপর ১৭ মে থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। তিনি আরো বলেন, এটা মূলত চাপীয় পশ্চিমা লঘুচাপের কারণে হচ্ছে। শ্রীলঙ্কার দিকে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে, সেটার কোনো প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা নেই।

এলআর

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, তিন বিভাগে হতে পারে অতি ভারি বর্ষণ

ভারী বর্ষণে হাওরাঞ্চলে ফের বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

দুপুরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ, কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তর-পূর্বাঞ্চলে

বুধবার থেকে উত্তরাঞ্চলে বাড়বে ভারী বর্ষণ

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি কমে বন্যা পরিস্থিতির আরো উন্নতি

ভ্যাপসা গরমে সারা দেশে স্বস্তির বৃষ্টি, প্রভাব পড়বে না লঘুচাপের

দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত