হোম > প্রকৃতি ও পরিবেশ

মৌসুমি বায়ুর বিদায় কাল, বৃষ্টিরও বিদায় ঘণ্টা

স্টাফ রিপোর্টার

পশ্চিমা লঘুচাপের প্রভাবে আগামীকাল শুক্রবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকতে পারে। বিশেষ করে রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীসহ দেশের অন্যান্য এলাকাতেও কমবেশি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ওপর থেকে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে দেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের অন্যান্য অঞ্চল থেকেও মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।

মৌসুমি বায়ুর বিদায়লগ্নে পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার দেশের আকাশ মেঘলা ছিল এবং বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগে। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮১ মিলিমিটার। রাজধানীতে বৃষ্টি হয়েছে ৪ মিলিমিটার।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনী ও লক্ষ্মীপুরের রামগতিতে, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা কিছুটা কমায় এবং বাতাসে আর্দ্রতা হ্রাস পাওয়ায় গত কয়েক দিনের তুলনায় ভ্যাপসা গরমের অনুভূতি কমেছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, পশ্চিমা লঘুচাপের কারণে শুক্রবারও দেশে বৃষ্টির প্রবণতা থাকবে। তবে রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মৌসুমি বায়ু বিদায় নিলে বাতাসের দিক পরিবর্তিত হয়ে উত্তর-পশ্চিম বা উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হতে পারে। এতে তাপমাত্রা খুব বেশি না কমলেও বাতাসে আর্দ্রতা কমে ভ্যাপসা গরমের অনুভূতি আরও কমতে পারে।

এদিকে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি দুর্বল অবস্থায় থাকতে পারে। এর প্রভাবে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা কম। ফলে শনিবারের পর দেশের বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

দেশজুড়ে ভারি বর্ষণের পূর্বাভাস

দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

আসবে দেরিতে, যাবে আগে—এবারের শীতকাল নিয়ে শঙ্কায় আবহাওয়াবিদরা

মৌসুমি বায়ুর বিদায়, বৃষ্টিতেও কাটছে না রাজধানীর ভ্যাপসা গরম

মৌসুমি বায়ুর বিদায় লগ্নে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

এবার শীত কম পড়বে, কত দিন স্থায়ী হবে শীতকাল

ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস

বৃষ্টি কমে বাড়ছে ভ্যাপসা গরম

দেশের কয়েক অঞ্চলে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থাকবে

অক্টোবরে বৃষ্টি কমবে, তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা