তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ ভেস্তে গেছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা আলোচনার পরও দেশগুলো একটি সামগ্রিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। চুক্তিতে জীবাশ্ম জ্বালানির বিষয়টি না থাকায় এ অচলাবস্থা সৃষ্টি হয়েছে। পাশাপাশি জলবায়ু বিপর্যয়ের মুখে থাকা দেশগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানোর বিষয়েও মতৈক্য হয়নি।
সপ্তাহান্তজুড়ে নির্ধারিত সময়ের অনেক বেশি চলা এ বার্ষিক জাতিসংঘ জলবায়ু সম্মেলন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ কপ হিসেবে রেকর্ড গড়েছে। কপের প্রতিবেদন তথ্য অনুযায়ী, ২০০৯ সালে কোপেনহেগেন সম্মেলনের পর জাতিসংঘের জলবায়ু আলোচনায় সর্বসম্মত চুক্তি গ্রহণে এমন ব্যর্থতা আর দেখা যায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু সংকট যখন ক্রমেই তীব্র হচ্ছে এবং এর প্রাণঘাতী প্রভাব বাড়ছে, তখন এ সম্মেলনের ব্যর্থতা নেতৃত্বের বড় ধরনের সংকটের পরিচয়। জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহাম্মদ আদো বলেন, এটি ছিল ইতিহাসের সবচেয়ে খারাপ কপ। এর ব্যর্থতা বিশ্ববাসীর জন্য একটি সতর্কবার্তা।
গতকাল রোববার ‘আনতালিয়া চুক্তি’ অনুমোদনের জন্য আয়োজিত চূড়ান্ত বৈঠকে স্পষ্ট হয়ে যায়, সম্মেলনে অংশ নেওয়া ১৯০টির বেশি দেশের মধ্যে প্রয়োজনীয় ঐকমত্য নেই। ফলে চুক্তিটি গৃহীত হয়নি। যুক্তরাষ্ট্র এতে অংশ নেয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে দেশটি আন্তর্জাতিক জলবায়ু উদ্যোগ থেকে সরে গেছে।
সম্মেলনের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে মতপার্থক্য কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, বিশ্বকে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে হবে—এমন ভাষা চুক্তিতে অন্তর্ভুক্ত করার প্রশ্ন। শেষ পর্যন্ত সেই বাক্যটি চুক্তিতে স্থান পায়নি।
ইউরোপীয় ইউনিয়ন, পানামা, মার্শাল দ্বীপপুঞ্জ ও নরওয়ে প্রস্তাবিত চুক্তিটি প্রত্যাখ্যান করে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেওয়া আয়ারল্যান্ডের জলবায়ুবিষয়ক মন্ত্রী ড্যারাগ ও’ব্রায়েন বলেন, ‘যে চুক্তিতে জীবাশ্ম জ্বালানির নামই উল্লেখ নেই, এমন কোনো চুক্তিকে ইউরোপীয় ইউনিয়ন সমর্থন করবে না।’
সমাপনী অধিবেশনে সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম বলেন, প্রস্তাবিত নথির বিষয়ে সব পক্ষের সম্মতি পাওয়া যায়নি। এ কারণে মূল সিদ্ধান্তগুলো গৃহীত হয়নি। তিনি আরো জানান, নতুন করে আর কোনো খসড়া প্রকাশ করা হবে না।
সম্মেলনের শেষ পর্যায়ে সবচেয়ে বড় বিরোধ তৈরি হয় কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে বিশ্বকে সরিয়ে আনার প্রশ্নে। ১৩০টির বেশি দেশ জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সংগত, সুশৃঙ্খল ও সমতাভিত্তিক উত্তরণের স্পষ্ট অঙ্গীকার চেয়েছিল। কিন্তু তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে তৈরি সর্বশেষ খসড়ায় এ বিষয়ে সরাসরি কোনো উল্লেখ রাখা হয়নি।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষে বক্তব্য দিয়ে ও’ব্রায়েন বলেন, জীবাশ্ম জ্বালানির উল্লেখ ছাড়া কোনো জলবায়ু সিদ্ধান্ত গ্রহণযোগ্য হতে পারে না। তার ভাষায়, এ ধরনের নথি জলবায়ুবিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং প্রয়োজনীয় পদক্ষেপের পরিবর্তে জীবাশ্ম জ্বালানি ইস্যুতে ভেস্তে গেল বিশ্ব জলবায়ু সম্মেলন পরিস্থিতিকে আরো জটিল করবে।
অন্যদিকে, সৌদি আরবসহ তেল উৎপাদনকারী দেশগুলো চূড়ান্ত ঘোষণায় জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের স্পষ্ট ভাষা অন্তর্ভুক্তির বিরোধিতা করে। ফলে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যেও এ প্রশ্নে বিভাজন তৈরি হয়।
সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ বিরোধ ছিল জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলা ও অভিযোজনের জন্য অর্থায়ন। উন্নয়নশীল দেশগুলো বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য পর্যাপ্ত, সহজলভ্য ও পূর্বানুমানযোগ্য অর্থায়নের দাবি জানায়।
সর্বশেষ খসড়ায় অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়ানোর কথা বলা হলেও কোন ভিত্তি থেকে এই বৃদ্ধি নির্ধারণ করা হবে, তা স্পষ্ট করা হয়নি। ফলে অর্থায়নের পরিমাণ, উৎস ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে উন্নয়নশীল দেশগুলোর অসন্তোষ থেকেই যায়।
সম্মেলনে কার্বন অপসারণ প্রযুক্তি এবং কার্বন ধারণ ও সংরক্ষণ (সিসিএস) নিয়েও মতবিরোধ দেখা দেয়। সমালোচকদের আশঙ্কা, এসব প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত রাখার সুযোগ তৈরি করতে পারে।
এদিকে, মূল ঘোষণাপত্র গৃহীত না হলেও সম্মেলন পুরোপুরি সিদ্ধান্তহীন থাকেনি। কপ সম্মেলনের প্রতিবেদন অনুযায়ী, উচ্চ কার্বন নিঃসরণকারী শিল্পে কর্মরত শ্রমিকদের কম কার্বন অর্থনীতিতে রূপান্তরে সহায়তা করার ‘জাস্ট ট্রানজিশন’ বা ন্যায়সংগত রূপান্তরসহ সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে পৃথক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এছাড়া চূড়ান্ত খসড়ায় ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রাখা হয়েছিল। তবে এ লক্ষ্যও মূল রাজনৈতিক চুক্তির অংশ হিসেবে সর্বসম্মত অনুমোদন পায়নি।
প্যারিস চুক্তির ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সীমা অতিক্রমের আশঙ্কাও এবারের আলোচনায় গুরুত্ব পায়। খসড়ায় তাপমাত্রা বৃদ্ধির এই সীমা অতিক্রমের পরিস্থিতি মোকাবিলায় কার্বন অপসারণ প্রযুক্তির উন্নয়নের কথা বলা হয়েছিল।
কপ৩১-এর আলোচনায় বাংলাদেশের প্রধান দাবি ছিল জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অভিযোজন অর্থায়ন বৃদ্ধি, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে অর্থ ও প্রযুক্তি নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে অনুদান ও সহজ শর্তের অর্থায়নের ওপর গুরুত্ব দেয়।
নদীভাঙন, উপকূলীয় লবণাক্ততা, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তার বিষয়টি সম্মেলনে তুলে ধরা হয়। বিশেষ করে স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার এবং দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে অর্থ ও সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি বাংলাদেশের আলোচনায় গুরুত্ব পায়।
চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির বিষয়টি বাদ পড়ায় আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনগুলোর মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গ্রিনপিস, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ), ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কসহ ১০০টির বেশি পরিবেশবাদী সংগঠন কপ৩১-এর যৌথ সভাপতিদের কাছে চিঠি দিয়েছে। চিঠিতে সংগঠনগুলো বলেছে, কয়লা, তেল ও গ্যাসের মতো জলবায়ু সংকটের প্রধান কারণগুলোকে চুক্তিতে উল্লেখ না করা হতাশাজনক।
এদিকে, সম্মেলন শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বাংলাদেশের জন্য প্রায় ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত হওয়ার তথ্য জানিয়েছেন। এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হলেও সম্মেলনের মূল ঘোষণাপত্রে ঐকমত্য না হওয়ার সঙ্গে এ অর্থায়নকে এক করে দেখার সুযোগ নেই। বরং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সহায়তা ও অনুদান নিশ্চিতের গুরুত্বকে এ অর্জন আরো সামনে এনেছে।
কপ৩১-এর মূল চুক্তি নিয়ে অচলাবস্থা বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। কারণ, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় এসব দেশের প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা এখনো নিশ্চিত নয়। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ এবং অভিযোজন অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক ঐকমত্য প্রতিষ্ঠিত না হওয়ায় আগামী সম্মেলনগুলোয় এ দুই ইস্যু আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
এদিকে, কপ৩১-এর মূল রাজনৈতিক চুক্তি নিয়ে অচলাবস্থা থাকলেও পরবর্তী জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ নির্ধারণে সিদ্ধান্ত হয়েছে। ২০২৭ সালে ৩২তম জলবায়ু সম্মেলন আফ্রিকার দেশ ইথিওপিয়ায় অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, এবারের সম্মেলনটি ৯-২০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আন্তর্জাতিক নানা ইস্যুতে সমঝোতা না হওয়ায় সময় বাড়ানো হয়। এরপরও উন্নত দেশগুলো একমত হতে পারেনি, যা ব্যতিক্রমী নজির তৈরি হয়েছে। সম্মেলনে প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা অংশ নেন।