জাতীয় প্রেক্ষাপটে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট একটি অনন্য প্রতিষ্ঠান। এটি জাতীয় প্রতিরক্ষা এবং সশস্ত্র বাহিনীর অন্যতম মূল ভিত্তি। এই বাহিনী গঠনের পেছনে সংগ্রাম ও ত্যাগের ইতিহাস অনেকের অজানা। এই রেজিমেন্ট প্রতিষ্ঠার পর থেকে ক্রমাগত বিকাশ লাভ করে আজ একটি বৃহৎ সংগঠনে রূপ নিয়েছে। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) ছিল এর প্রাণপুরুষ ও মূল সংগঠক মেজর গণির ৬৯তম মৃত্যুবার্ষিকী ।
সেনাবাহিনীর স্থিতিশীলতা এবং পরিপক্বতা আসে বছরের পর বছর প্রশিক্ষণ, দক্ষতার উন্নয়ন এবং ক্রমাগত ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হয়ে অর্জিত অভিজ্ঞতার মাধ্যমে। সাত দশকেরও বেশি সময়ের বিবর্তনে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ একটি অপরাজেয় প্রতিষ্ঠান। এই রেজিমেন্টের নির্ভীক সৈনিকরা তাদের মাতৃভূমির পরিবর্তনের ও পরিবর্ধনের প্রতিটি অধ্যায়ে অনন্য ভূমিকা পালন করেছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিন বছরেরও বেশি সময় রণক্ষেত্রে যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে এই রেজিমেন্টের। পরে ১৯৬৫ সালের যুদ্ধ, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতের পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিবাদী শাসকদের অত্যাচারের বিরুদ্ধে জনতার পাশে দাঁড়িয়ে জননিরাপত্তা নিশ্চিত করার অভিজ্ঞতা সবগুলোই এই রেজিমেন্টকে সময়ে সময়ে নতুন দক্ষতা অর্জনের সুযোগ দিয়েছে। এই অভিজ্ঞতার আলোকে রেজিমেন্ট জাতীয় স্থিতিশীলতার মূল শক্তি ও আশার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
দেশের অন্য কোনো প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থা বা রাজনৈতিক সংগঠনকেও যদি এই তুলনায় ধরা হয়, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট জাতীয় সেবার ক্ষেত্রে ঐক্য ও স্থিতিশীলতার এক অনন্য উদাহরণ হিসেবে চিহ্নিত হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের মধ্যে যে ‘এস্প্রিট দে কর্পস’ (Esprit de Corps) চেতনা সঞ্চারিত হয়েছিল, তা বছরের পর বছর ধরে পরবর্তী প্রজন্মের সৈনিকদের হৃদয় ও আত্মায় গভীরভাবে স্থান করে নিয়েছে। এই চেতনা আজও অনুপ্রেরণা জোগায়, কিন্তু এটি সম্পর্কে খুব কম ব্যাখ্যা বা আলোচনা হয়েছে। সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা তা থেকে অনুপ্রাণিত হতে পারে এবং রেজিমেন্টের গৌরবময় উত্তরাধিকারে নিজেদের ভূমিকা পালন করতে পারে।
মুক্তিযুদ্ধের নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তারা ও সৈন্যরা ছিলেন, যারা ১৫ ফেব্রুয়ারি ১৯৪৮ থেকে ২৫ মার্চ ১৯৭১ পর্যন্ত নিজেদের ধারালো তরবারির মতো প্রস্তুত করে রেখেছিলেন। মুক্তিযুদ্ধে তারা অতি অল্প সময়ে নিজেদের সংগঠিত করে মুক্তিকামী জনতাকে সঙ্গে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো, এটি কোনো রাজনৈতিক দলের আন্দোলনের ফল নয়। বরং এটি এই জাতির সামরিক বিকাশের একটি ফল, যা আমাদের গর্বের বিষয়। এটি যুগে যুগে প্রমাণ করেছে যে এর প্রতিষ্ঠার আসল উদ্দেশ্য হলো জাতি এবং জনগণের সেবা করা। এ কারণেই এটি দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রভাবে কখনো দুর্বল হয়ে পড়েনি। এটি একটি নির্ভীক, নিরপেক্ষ এবং ঐতিহাসিক প্রতিষ্ঠান, যা আমাদের সামরিক ও জাতীয় ইতিহাসের একটি অপরিহার্য অংশ।
আজও অনেক সংশয়বাদী রয়েছেন, যারা এই অতি দুর্লভ সাফল্য একজন সাধারণ অফিসার কীভাবে অর্জন করতে পেরেছিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন এবং তার সঠিক মূল্যায়ন করতে দ্বিধাগ্রস্ত থাকেন। তারা বৈষম্যবাদীদের মতো সত্যকে কটাক্ষ করেন। ইতিহাস সাক্ষ্য দেয়, যদি সেই সময়ে এই সাধারণ অফিসার এই অসাধারণ কাজটি সম্পন্ন না করতেন, তবে ভারত বিভক্তির পর পাকিস্তান সরকার পাকিস্তান ন্যাশনাল গার্ড নামে একটি বাহিনী ব্যবহার করে তৎকালীন রাজনীতিবিদদের মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করত। কারণ, কেউ কোনো প্রমাণ দিয়ে দেখাতে পারবে না যে, পূর্ব পাকিস্তানের জাতীয় নিরাপত্তা নিয়ে সে সময় কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল বা কারো উদ্বেগ ছিল।
ইস্ট বেঙ্গল রেজিমেন্টে একবার আদেশ জারি হয় উর্দুতে কথা বলার জন্য। কিন্তু ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড মরহুম মেজর এম টি হোসেন এবং ক্যাপ্টেন আবদুল গণি এর প্রতিবাদ করেন। মেজর এটিএম হোসেন উর্দুর সঙ্গে বাংলা ভাষা ব্যবহারের অনুমতি চান এবং ক্যাপ্টেন আবদুল গণি বাংলা ছাড়া অন্য ভাষায় কথা বলতে অস্বীকৃতির প্রস্তাব দেন। এরপর থেকে তাদের দুজনের ওপর নেমে আসে ব্যাপক হয়রানি। তারা শিকার হন বৈষম্যের।
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন গণি ১৫ ফেব্রুয়ারি ১৯৪৮-এ ভারপ্রাপ্ত মেজর পদে উন্নীত হন, যা তার অবদানের একটি স্বীকৃতি। কিন্তু প্রকৃত পরিকল্পনা সামনে আসে যখন ২৩ এপ্রিল একটি কমিশন রিভিউ বোর্ড তার পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন প্রত্যাখ্যান করে। এর আগেও, ১৯৪৭ সালের আগস্টে তার নিয়মিত কমিশনের আবেদন ‘দেরিতে পৌঁছেছে’ এই অজুহাতে ফেরত পাঠানো হয়। এরই মধ্যে তাকে ১৫ মে ১৯৪৮-এ অস্থায়ী মেজর পদে সমন্বয় করা হয়। অতঃপর, ২৩ মে ১৯৪৮ সালে দিনাজপুরে ৩৯ পাকিস্তান ন্যাশনাল গার্ড (পিএনজি) ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট হিসেবে বদলির আদেশ আসে। এটি ছিল প্রশাসনের পরিকল্পিত ষড়যন্ত্রের পরবর্তী ধাপ। পরে মেজর এমটি হোসেনকেও বদলি করা হয়।
১৯৪৮ থেকে ১৯৫২ এই চার বছরে তিনি একাধিকবার পদোন্নতি এবং পদাবনতির কঠিন হতাশাব্যঞ্জক পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। তবু তিনি নিজের লক্ষ্য ধরে রেখেছিলেন এবং ধৈর্যশীলতার উদাহরণ সৃষ্টি করেছিলেন।
গণসংযোগ ও রেজিমেন্ট গঠনে ভূমিকা : ক্যাপ্টেন গণি ৩ আগস্ট ১৯৪৯ থেকে ২২ মার্চ ১৯৫২ পর্যন্ত সারা দেশে ব্যাপক গণসংযোগের মাধ্যমে সেনাবাহিনীতে চাকরির ব্যাপারে জনগণকে উৎসাহিত করেন। তার হাত ধরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জন্য সেরা যুবকদের বাছাই করা হয়, যারা আজও ঐতিহাসিক সাফল্যের ভিত্তি।
প্রাক্তন সেনাপ্রধান লে. জেনারেল নূর উদ্দিন, রাওয়ার (RAOWA) প্রকাশিত MIRROR ম্যাগাজিনে ডিসেম্বর ২০২৩ সালে ‘মরহুম মেজর অবদুল গণি ইস্ট বেঙ্গল তথা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা এক কিংবদন্তি যোদ্ধা ও জননেতার কথা’ শীর্ষক প্রবন্ধে লিখেছেনÑ‘আমি মরহুম মেজর এমএ গণির অমূল্য অবদানের কথা স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি যে, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর ভিত্তি স্থাপক হিসেবে তার একান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা মূল্যায়ন করা উচিত। তার দূরদর্শী নেতৃত্ব শক্তিশালী আন্দোলনকে প্রজ্বলিত করেছে। একটি প্রজন্মকে সম্মান ও সাহসের সঙ্গে জাতির সেবা করতে অনুপ্রাণিত করেছে। দেশের প্রতিরক্ষার প্রতি তার নিবেদন এবং জাতীয় কর্তব্যের বোধ লালন করার ক্ষেত্রে তার দূরদর্শিতা একটি অমোঘ চিহ্ন রেখে গেছে, যা বাংলাদেশের সামরিক পরিষেবার ভবিষ্যৎকে গঠন করেছে।’
পরবর্তী জীবন ও অবদান : চাকরি থেকে অব্যাহতির পরও মেজর গণি হাল ছাড়েননি। ১৯৫৪ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত প্রাদেশিক পরিষদে সদস্য হিসেবে জাতীয় পর্যায়ে বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। অনেক প্রস্তাবের মাঝে উল্লেখযোগ্য অবদানগুলোর মধ্যে ছিল : পূর্ব পাকিস্তানে সামরিক অবকাঠামো উন্নয়ন, ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা, সিভিল ডিফেন্স সংগঠন, অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং সব স্তরে সামরিক প্রশিক্ষণের সূচনা করা।
তার কাজের দিকে ফিরে তাকালে আমরা দেখি এমন একজন মানুষ, যিনি তার উদ্দেশ্য পূরণ করেছেন সর্বস্ব দিয়ে, শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এবং সম্মানের সর্বোচ্চ স্থানে পৌঁছেছেন। তবে তিনি যে দৃষ্টিভঙ্গি স্থাপন করেছিলেন, তা আজও আমাদের সামরিক বাহিনী এবং এ অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অগ্রগতির জন্য একটি অনুপ্রেরণা।
লেখক: মেজর গণির জ্যেষ্ঠ পুত্র