বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের মে ২০২৬-এর নীতিপত্র অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইসলামী ব্যাংকগুলোর মোট বিনিয়োগে মুশারাকা ও মুদারাবার সম্মিলিত অংশ ছিল মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ। বিপরীতে বাই-মুরাবাহা ও বাই-মুয়াজ্জালের অংশ ছিল ৭০ দশমিক ৪ শতাংশ।
গবেষণাটি তাৎপর্যপূর্ণ। পূর্বনির্ধারিত মুনাফা ও ঋণসদৃশ আর্থিক পণ্যের ওপর নির্ভরতা ইসলামি অর্থায়নের ঝুঁকি ভাগাভাগির লক্ষ্যকে কতটা আড়াল করছে, সে প্রশ্ন তোলা প্রয়োজন। তবে এর আগে আরো মৌলিক একটি প্রশ্নের উত্তর দরকার। অংশীদারত্বভিত্তিক বিনিয়োগের এই স্বল্প উপস্থিতি কি শুধু ইসলামি অর্থায়নের ব্যর্থতা, নাকি ব্যাংক কী করতে পারে ও কী করা উচিত, সে বিষয়ে আমাদের ধারণার সীমাবদ্ধতাও প্রকাশ করে?
ইসলামি ব্যাংকিং ও ইসলামি অর্থায়ন পরস্পর সম্পর্কিত, কিন্তু অভিন্ন নয়। ইসলামি ব্যাংকিং ইসলামি অর্থায়নের একটি অংশ; আর ইসলামি অর্থায়ন বৃহত্তর ইসলামি অর্থনীতির অন্তর্ভুক্ত। ইসলামি অর্থনীতির পরিসরে ব্যাংকের পাশাপাশি বাজার, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, নৈতিকতা, সামাজিক ন্যায়বিচার ও উন্নয়নের লক্ষ্যও রয়েছে। ব্যাংককে দিয়েই এ পুরো ব্যবস্থার সাফল্য বা ব্যর্থতা বিচার করলে বিশ্লেষণ অসম্পূর্ণ থাকে।
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস আমানত। গ্রাহক প্রত্যাশা করেন, তার অর্থ নিরাপদ থাকবে এবং চুক্তির শর্ত অনুযায়ী তা ফেরত পাওয়া যাবে। ব্যাংককে তাই তারল্য, মূলধন পর্যাপ্ততা, আমানত প্রত্যাহারের ঝুঁকি এবং সম্পদ ও দায়ের মেয়াদের অসামঞ্জস্য সামলাতে হয়। স্বাভাবিকভাবেই ব্যাংক এমন অর্থায়ন পছন্দ করে, যা থেকে তুলনামূলকভাবে পূর্বানুমানযোগ্য নগদ প্রবাহ আসে।
মুরাবাহা এই প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ। ব্যাংক একটি পণ্য কিনে ক্রয়মূল্যের সঙ্গে ঘোষিত মুনাফা যোগ করে গ্রাহকের কাছে বিক্রি করে। এতে গ্রাহকের পরিশোধযোগ্য দায় নির্ধারিত হয়। ইজারা এবং সম্পদভিত্তিক আরো কিছু অর্থায়নব্যবস্থাও ব্যাংকের জন্য অনুরূপ ভূমিকা রাখতে পারে। তবে পূর্বনির্ধারিত বিক্রয়মূল্য মানেই আদায়ের নিশ্চয়তা নয়; গ্রাহকের খেলাপি হওয়ার ঝুঁকি থেকেই যায়।
মুশারাকা ও মুদারাবার অর্থনৈতিক চরিত্র ভিন্ন। এখানে অর্থদাতাকে প্রকল্পের ব্যবসায়িক ঝুঁকি গ্রহণ করতে হয়। মুশারাকায় মুনাফা চুক্তি অনুযায়ী ভাগ হয় এবং লোকসান বহন করা হয় মূলধনের অনুপাতে। মুদারাবায় স্বাভাবিক ব্যবসায়িক লোকসান মূলধনদাতা বহন করেন; উদ্যোক্তা হারান তার শ্রম ও সময়। তবে উদ্যোক্তার অবহেলা, অসদাচরণ বা চুক্তিভঙ্গের দায় পৃথকভাবে বিবেচ্য।
এ ধরনের অর্থায়নে মুনাফা অনিশ্চিত হতে পারে। কোনো উদ্যোগ থেকে ফল পেতে দীর্ঘ সময়ও লাগতে পারে। অর্থদাতাকে ব্যবসার প্রকৃতি বুঝতে হয়, পরিচালনার তথ্য পেতে হয় এবং আয় বণ্টন ছাড়াই দীর্ঘ সময় অপেক্ষা করার সক্ষমতা রাখতে হয়। এ বৈশিষ্ট্যগুলো প্রচলিত বাণিজ্যিক ব্যাংকিংয়ের চেয়ে ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইকুইটি ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ অর্থায়নের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।
বাংলাদেশ ব্যাংকের গবেষকরাও এ অসামঞ্জস্যের কয়েকটি দিক চিহ্নিত করেছেন। অংশীদারত্বভিত্তিক অর্থায়নে প্রতিকূল নির্বাচন, নৈতিক ঝুঁকি, তথ্যের অসমতা ও ব্যয়বহুল তদারকি বড় বাধা। অর্থাৎ ব্যাংক ও উদ্যোক্তার কাছে সমান তথ্য থাকে না; ভালো ও দুর্বল প্রকল্প আলাদা করা কঠিন হয়; অর্থ পাওয়ার পর উদ্যোক্তার আচরণ বদলে যেতে পারে; প্রকৃত আয় ও ব্যয় যাচাই করাও ব্যয়সাপেক্ষ।
এ অবস্থায় ইসলামি ব্যাংককে আরো মুশারাকা ও মুদারাবা করতে বললেই সমস্যার সমাধান হবে না। ইসলামি ব্যাংকিংয়ের সমস্যা শুধু নামে নয়, মডেলেও। নির্ধারিত পাওনা আদায় এবং স্বল্পমেয়াদি দায়ের বিপরীতে অপেক্ষাকৃত দীর্ঘমেয়াদি সম্পদ ধারণের কাঠামোয় প্রকৃত অংশীদারত্বভিত্তিক অর্থায়ন সহজে বসানো যায় না।
বাংলাদেশের সামগ্রিক আর্থিক কাঠামোয়ও একই দুর্বলতা রয়েছে। শিল্প ও অবকাঠামোর দীর্ঘমেয়াদি অর্থায়নে আমরা ব্যাংকের ওপর অতিরিক্ত নির্ভরশীল। অথচ এসব খাতে ইকুইটি, বন্ড, সুকুক ও অন্যান্য দীর্ঘমেয়াদি উপকরণের বড় ভূমিকা থাকা উচিত। পুঁজিবাজারকে প্রবৃদ্ধির অব্যবহৃত চালিকাশক্তি হিসেবে কাজে লাগানো প্রয়োজন। ইসলামি অর্থায়নের ক্ষেত্রেও কার্যকর পুঁজিবাজারের ঘাটতি পূরণের ভার মূলত ব্যাংকের ওপর চাপানো হচ্ছে।
দীর্ঘমেয়াদি অর্থায়নে বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অবকাঠামো, শিল্প বা নতুন উদ্যোগে বিনিয়োগের মেয়াদ সাধারণত ব্যাংকের আমানতের মেয়াদের চেয়ে দীর্ঘ। গবেষণাটিতেও স্বল্পমেয়াদি আমানত দিয়ে দীর্ঘমেয়াদি ইজারা ও এইচপিএসএম অর্থায়নে তারল্য এবং সম্পদ-দায়ের মেয়াদের অসামঞ্জস্যের ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। আমানতনির্ভর প্রতিষ্ঠানকে অনেক বেশি দীর্ঘমেয়াদি মুশারাকায় ঠেলে দিলে এ ঝুঁকি দূর হওয়ার বদলে বাড়তে পারে।
এ বিতর্ক শুধু ইসলামি অর্থনীতির নয়। মূলধারার অর্থনীতিতেও বহু দশক ধরে ব্যাংকের কাঠামোগত অস্থিতিশীলতা নিয়ে আলোচনা চলছে। হেনরি সাইমনস, আরভিং ফিশারসহ অর্থনীতিবিদদের সমর্থিত শিকাগো পরিকল্পনায় লেনদেনযোগ্য আমানতের বিপরীতে শতভাগ রিজার্ভ রাখার প্রস্তাব ছিল। উদ্দেশ্য ছিল ব্যাংকের মুদ্রা ও লেনদেনসেবা থেকে ঋণ সৃষ্টির কার্যক্রমকে পৃথক করা। পরবর্তী সময়ে মিল্টন ফ্রিডম্যানও শতভাগ রিজার্ভ ব্যবস্থার কিছু রূপ সমর্থন করেন। ভগ্নাংশ রিজার্ভ ব্যাংকিংয়ে সহজে প্রত্যাহারযোগ্য আমানতের সঙ্গে ঋণ সৃষ্টির সম্পর্ক যে অস্থিতিশীলতার উৎস হতে পারে, এ চিন্তাধারা সেটিই সামনে আনে।
হাইম্যান মিনস্কি ভিন্ন দৃষ্টিকোণ থেকে আর্থিক অস্থিতিশীলতা ব্যাখ্যা করেছেন। দীর্ঘ সমৃদ্ধির সময়ে ঋণ ও পুনঃঅর্থায়নের ওপর নির্ভরতা বাড়তে থাকলে আর্থিক ব্যবস্থা এমন অবস্থা থেকে সরে যেতে পারে, যেখানে আয় দিয়েই আসল ও সুদ পরিশোধ সম্ভব। এরপর এমন অবস্থা আসে, যখন শুধু সুদ পরিশোধ করা সম্ভব হয়, কিন্তু আসল ফেরত দিতে নতুন ঋণের প্রয়োজন হয়। শেষ পর্যন্ত সুদ পরিশোধেও নতুন ঋণ নিতে হয়। মিনস্কি এগুলোকে যথাক্রমে হেজ, স্পেকুলেটিভ ও পনজি অর্থায়ন বলেছেন। দীর্ঘস্থায়ী স্থিতিশীলতাও এভাবে অতিরিক্ত ঝুঁকি গ্রহণের মাধ্যমে ভঙ্গুরতা তৈরি করতে পারে।
ইসলামি অর্থায়নের জন্য শিক্ষা হলো, প্রত্যাহারযোগ্য আমানতনির্ভর প্রতিষ্ঠানকে ভেঞ্চার ক্যাপিটাল অংশীদারত্বে রূপান্তর করলে তারল্য, সুশাসন ও মেয়াদগত ঝুঁকির প্রশ্ন নতুন করে আসে। শুধু চুক্তির নাম বদলে এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় না।
তার অর্থ এই নয় যে মুরাবাহাই ইসলামি অর্থায়নের সর্বোত্তম সমাধান, কিংবা ব্যাংক থেকে মুশারাকা ও মুদারাবা পুরোপুরি বাদ দিতে হবে। উপযুক্ত মেয়াদের তহবিল, নির্ভরযোগ্য তথ্য এবং প্রয়োজনীয় দক্ষতা থাকলে ব্যাংকের অংশীদারত্বভিত্তিক অর্থায়ন মূল্যবান ভূমিকা রাখতে পারে। কিন্তু মুরাবাহার আধিপত্যকে স্বয়ংক্রিয়ভাবে ইসলামি নীতি থেকে বিচ্যুতির চূড়ান্ত প্রমাণ বলা যথার্থ নয়। এর জনপ্রিয়তা বিদ্যমান ব্যাংকিং কাঠামোর সঙ্গে সামঞ্জস্যের ফলও হতে পারে।
তাই নীতিগত চ্যালেঞ্জ শুধু ব্যাংকের পণ্যতালিকায় মুশারাকা বা মুদারাবার অনুপাত বাড়ানো নয়; প্রয়োজন প্রাতিষ্ঠানিক বৈচিত্র্য। বাংলাদেশের ইসলামি আর্থিক ব্যবস্থাকে দুটি পরস্পর পরিপূরক স্তম্ভের ওপর দাঁড় করাতে হবে।
প্রথম স্তম্ভ হবে বাণিজ্যিক ইসলামি ব্যাংকিং। এর কাজ হবে লেনদেন ও পরিশোধসেবা, আমানত, বাণিজ্য অর্থায়ন, মুরাবাহা, ইজারা, সালাম এবং পরিবার ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগের উপযোগী অর্থায়ন। এসব প্রতিষ্ঠানকে কার্যকর শরিয়াহ তদারকি, বিচক্ষণ ব্যাংকিং নিয়ন্ত্রণ, স্বচ্ছতা ও আমানতকারীর সুরক্ষার আওতায় পরিচালিত হতে হবে।
দ্বিতীয় স্তম্ভ হবে বিস্তৃত ইসলামি ঝুঁকি মূলধন ও পুঁজিবাজার। এতে থাকবে মুশারাকাভিত্তিক বিনিয়োগ কোম্পানি, মুদারাবা তহবিল, ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি তহবিল, পেনশন এবং তাকাফুলের বিনিয়োগ তহবিল, করপোরেট ও অবকাঠামো সুকুক এবং বিশেষায়িত উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান। দীর্ঘ সময় অপেক্ষা করতে পারে এবং ব্যবসার ফল অনুযায়ী ঝুঁকি বহন করতে পারে—এমন মূলধন জোগানোর উপযোগী প্রতিষ্ঠান এখানেই গড়ে তুলতে হবে।
বাংলাদেশের সুকুক বাজার গড়ে তোলার নকশায়ও এ প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা রয়েছে। শুধু সরকারি সুকুক দিয়ে কার্যকর ইসলামি পুঁজিবাজার তৈরি হয় না। প্রয়োজন করপোরেট ইস্যুকারী, শরিয়াহসম্মত লেনদেনযোগ্য উপকরণ এবং সচল ও পর্যাপ্ত তারল্যসম্পন্ন দ্বিতীয় বাজার। সামাজিক অর্থায়নেও বিশেষায়ন দরকার। বিশেষায়িত করজে হাসানা ব্যাংক গড়ে তোলার পেছনেও একই যুক্তি রয়েছে : প্রতিটি সামাজিক আর্থিক লক্ষ্য একটি সর্বজনীন বাণিজ্যিক ব্যাংকের ওপর চাপানোর প্রয়োজন নেই।
অংশীদারত্বভিত্তিক অর্থায়ন বাড়াতে গবেষকদের প্রস্তাবিত লক্ষ্য ও প্রণোদনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তবে শুধু অনুপাত পূরণের চাপ দিলে এমন চুক্তিও তৈরি হতে পারে, যার নাম মুশারাকা হলেও প্রকৃত ফল প্রায় পূর্বনির্ধারিত ঋণসদৃশ মুনাফা। নিয়ন্ত্রণের মাধ্যমে শতাংশ বদলানো সহজ; অন্তর্নিহিত অর্থনৈতিক সম্পর্ক বদলানো অনেক কঠিন।
বাংলাদেশের প্রশ্ন তাই শুধু ইসলামি ব্যাংক এত কম মুশারাকা করছে কেন, তা নয়। প্রশ্ন হলো, মুশারাকা ও মুদারাবা স্বাভাবিকভাবে বিকশিত হতে পারে—এমন প্রতিষ্ঠান আমরা গড়ে তুলিনি কেন?
ইসলামি ব্যাংককে ভেঞ্চার ক্যাপিটাল তহবিলে পরিণত করার প্রয়োজন নেই। প্রয়োজন ব্যাংককে আরো দক্ষ, স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যাংক হিসেবে গড়ে তোলা। পাশাপাশি ব্যাংকের বাইরে এমন ইসলামি আর্থিক ব্যবস্থা দরকার, যা দীর্ঘমেয়াদি, ঝুঁকি ভাগাভাগিভিত্তিক মূলধন জোগাতে পারে। ইসলামি ব্যাংকিং ও ইসলামি অর্থায়নের মৌলিক পার্থক্য এখানেই। বাংলাদেশের পরবর্তী সংস্কারের সূচনা হওয়া উচিত এ উপলব্ধি থেকে।
লেখক: যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের ফাইন্যান্সের অধ্যাপক ও মফেট চেয়ার। ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্সে ২০১৬ সালের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক পুরস্কারপ্রাপ্ত। এএওআইএফআইয়ের এথিকস অ্যান্ড গভর্ন্যান্স বোর্ডের সদস্য এবং এডুকেশন বোর্ডের চেয়ারম্যান