বিশ্ববিদ্যালয় মানে শুধু ক্লাসরুম, পরীক্ষার হল কিংবা ডিগ্রির সনদ নয়; এটি এমন পরিবেশ, যেখানে শিক্ষার্থী নিশ্চিন্তে পড়াশোনা, চিন্তার বিকাশ এবং ভবিষ্যতের প্রস্তুতি নিতে পারেন। অথচ নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের অভাবে অনেকের উচ্চশিক্ষার পথ কঠিন হয়ে ওঠে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম জন্মবার্ষিকীতে তাই আবাসন সংকট গুরুত্বের সঙ্গে দেখা উচিত। পুরান ঢাকার সীমিত পরিসর ও ব্যয়বহুল জীবনযাত্রার কারণে বিশ্ববিদ্যালয়ের এটি দীর্ঘদিনের সমস্যা। ঢাকার বাইরে থেকে আসা শিক্ষার্থীদের জন্য এটি শুধু সুবিধার বিষয় নয়; অনেক ক্ষেত্রে পড়াশোনা চালিয়ে যাওয়ার সক্ষমতার সঙ্গেও জড়িত। বাসাভাড়া, খাবার ও যাতায়াত খরচ বহন করা সীমিত আয়ের পরিবারের শিক্ষার্থীদের বড় চাপ।
এতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি টিউশনি কিংবা অন্য কাজ করতে হয়। টিউশনি করেও উল্লেখযোগ্য আয় কঠিন। পড়াশোনা, গবেষণা, পাঠাগারে অধ্যয়ন ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার সময় কম। এতে শিক্ষার্থীর শিক্ষাগত ও বুদ্ধিবৃত্তিক বিকাশও বাধাগ্রস্ত হয়। আবাসন শুধু মাথা গোঁজার জায়গা নয়; এটি শিক্ষার্থীর নিরাপত্তা, সময় ব্যবস্থাপনা ও শিক্ষার ধারাবাহিকতার সঙ্গে সম্পর্কিত। উপযুক্ত আবাসিক পরিবেশে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং সম্মিলিত জ্ঞানচর্চার সুযোগ তৈরি হয়। অথচ পুরান ঢাকার মেসের পরিবেশ, খাবারের মান ও দাম—কোনোটিই শিক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক নয়। শ্রেণিকক্ষের বাইরেও শেখার পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব।
ছাত্রীদের জন্য একটি হল থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বর্তমানে আরো দুটি হলের নির্মাণকাজ চলছে, কিন্তু কাজের অগ্রগতি অত্যন্ত ধীর। ফলে আবাসন সংকটের সমাধান কবে হবে, তা নিয়ে শিক্ষার্থীদের অনিশ্চয়তা কাটছে না। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনায় শিক্ষার্থীদের আবাসনকে কতটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিকল্পনা থাকলেই হবে না, বাস্তবায়নও দৃশ্যমান হতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একুশ বছরে পদার্পণের এই সময়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও পর্যাপ্ত আবাসন নিশ্চিত করার উদ্যোগে গতি আনা জরুরি। কারণ আবাসন অতিরিক্ত সুবিধা নয়; মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক উচ্চশিক্ষার মৌলিক শর্ত।
লেখক : শিক্ষার্থী, দর্শন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়