রাতের খাবারের টেবিলে তিনটি চেয়ার। অথচ কথা বলার কেউ নেই। বাবা ফোনের পর্দায় ডুবে আছেন, মা জানালার পাশে বসে দূরের অন্ধকার দেখছেন। মাঝখানে ছোট্ট শিশুটি ভাতের লোকমা মুখে তুলতে তুলতে হঠাৎ প্রশ্ন করে, ‘তোমরা দুজন আমার সঙ্গে একসঙ্গে ঘুমাবে না?’ প্রশ্নটি শুনে মা মুখ ফিরিয়ে নেন, বাবা চুপ করে থাকেন। শিশুটি বোঝে না, কোন অপরাধে তার পরিচিত পৃথিবীটি প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছে। সে জানে না, বড়দের ভালোবাসা ফুরিয়ে গেলে ছোটদের পৃথিবী কেন এত অনিশ্চিত হয়ে পড়ে।
ঢাকার অসংখ্য পরিবারের গল্প হয়তো এমন নয়, কিন্তু এই নীরবতার মধ্য দিয়ে অনেক সংসারের ভাঙনকে বোঝা যায়। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘ঢাকায় দিনে ভাঙছে ৪৪ সংসার’—আমাদের সামনে যে বাস্তবতা তুলে ধরেছে, তা নিছক কিছু দাপ্তরিক হিসাব নয়। এর প্রতিটি সংখ্যার পেছনে থাকতে পারে দীর্ঘদিনের অভিমান, অপমান, অবিশ্বাস, নির্যাতন, অর্থনৈতিক টানাপোড়েন কিংবা একসঙ্গে থেকেও একে অন্যের কাছে পৌঁছাতে না পারার যন্ত্রণা। একটি সংসার ভাঙলে শুধু স্বামী-স্ত্রীর ঠিকানা বদলায় না; বদলে যায় সন্তানের ঘুম, তার নিরাপত্তাবোধ, পরিবারের স্মৃতি এবং ভবিষ্যৎ সম্পর্কে তার ধারণাও।
প্রশ্ন হচ্ছে, এত সংসার কেন ভাঙছে? প্রতিটি বিচ্ছেদের কারণ কি একই? উত্তর নিশ্চয়ই না। কোথাও ভালোবাসার জায়গা দখল করেছে সন্দেহ, কোথাও দায়িত্বহীনতা, কোথাও অর্থের অভাব, কোথাও আবার ক্ষমতার দম্ভ। কোনো নারী বছরের পর বছর শারীরিক নির্যাতন সহ্য করে একদিন বেরিয়ে আসেন। কোনো পুরুষ দীর্ঘদিনের অপমান ও মানসিক চাপের মধ্যে সম্পর্ক থেকে সরে যেতে চান। কোথাও দুজনেই সম্পর্ক বাঁচাতে চেয়েও ব্যর্থ হন। আবার কোথাও সন্তান, পরিবার ও সামাজিক মর্যাদার কথা ভেবে বছরের পর বছর দুজন মানুষ একই ছাদের নিচে বসবাস করেন অথচ তাদের মধ্যে সম্পর্ক বলতে অবশিষ্ট থাকে শুধু প্রয়োজনের যোগাযোগ।
তাই বিয়েবিচ্ছেদের সংখ্যা দেখেই সমাজের অবক্ষয় ঘোষণা করা সহজ, কিন্তু সত্যকে বোঝা কঠিন। একটি বিচ্ছেদ কখনো ব্যর্থতার চিহ্ন, কখনো দীর্ঘ ব্যর্থতা থেকে মুক্তির পথ। নির্যাতনের সংসার থেকে বেরিয়ে আসা নারীর সিদ্ধান্তকে কিংবা ভয় ও অপমানের মধ্যে বসবাস করা কোনো মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে আমরা কীভাবে নৈতিকতার কাঠগড়ায় দাঁড় করাব?
একই ঘরে বসে দুজন মানুষ ঘণ্টার পর ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটাচ্ছেন, অথচ একে অন্যের সঙ্গে ১০ মিনিট মন খুলে কথা বলছেন না। এই দৃশ্য এখন অনেক পরিবারের পরিচিত বাস্তবতা।
মাদকাসক্তি, বিবাহবহির্ভূত সম্পর্ক, যৌতুকের চাপ, ভরণপোষণ না দেওয়া এবং পরিবারের অযাচিত হস্তক্ষেপও বহু দাম্পত্যকে বিপর্যস্ত করে। অনেক সময় দুই পরিবারের আত্মীয়স্বজন সমাধানের বদলে বিরোধ বাড়িয়ে দেন।
অর্থনৈতিক বাস্তবতাও উপেক্ষা করার নয়। বাসাভাড়া, সন্তানের শিক্ষা, চিকিৎসা, যাতায়াত এবং নিত্যপ্রয়োজনীয় ব্যয়ের চাপ মানুষের সহনশীলতা কমিয়ে দিতে পারে।
তবে সন্তানের ভবিষ্যতের কথা বলে নির্যাতনের সম্পর্ক টিকিয়ে রাখার পরামর্শও সমাধান নয়। প্রতিদিনের অপমান, ভয় ও সহিংসতার মধ্যে বেড়ে ওঠা শিশুর জন্যও ক্ষতিকর হতে পারে। প্রয়োজন এমন পরিবেশ, যেখানে বিচ্ছেদ হলেও শিশুর নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা এবং মা-বাবার সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রাখার বিষয়টি গুরুত্ব পাবে। আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তে শিশুর সর্বোত্তম স্বার্থ ও তার নিরাপত্তাই এখানে প্রধান বিবেচনা হওয়া উচিত।
রাষ্ট্রের কাজও শুধু তালাকের হিসাব রাখা নয়; নাগরিকের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলা।
শেষ পর্যন্ত সংসার টিকে থাকলেই সব পরিবার সুখী হয় না, আবার বিচ্ছেদ ঘটলেই প্রতিটি ভালোবাসা মিথ্যা হয়ে যায় না। কখনো দুটি মানুষ একসঙ্গে থেকে একে অন্যকে প্রতিদিন আহত করেন; কখনো আলাদা হয়ে সন্তানের জন্য আরো শান্ত পরিবেশ তৈরি করেন। আমাদের লক্ষ্য হওয়া উচিত বিচ্ছেদের সংখ্যা নিয়ে আতঙ্ক ছড়ানো নয়, বরং সম্পর্কের ভেতরকার অসুস্থতা কমানো এবং বিচ্ছেদের পরও মানুষের মর্যাদা রক্ষা করা।
সেই রাতের শিশুটির কথায় ফিরে আসি। সে হয়তো এখনো অপেক্ষা করে, বাবা-মা দুজনকে পাশাপাশি বসে হাসতে দেখবে বলে। হয়তো সেই দৃশ্য আর কখনো ফিরবে না। কিন্তু অন্তত তাকে এমন একটি শৈশব দেওয়া সম্ভব, যেখানে তাকে কারো পক্ষ নিতে হবে না, নিজের জন্মকে অপরাধ মনে করতে হবে না, ভালোবাসার জন্য কারো অনুমতি চাইতে হবে না।
একটি সংসার ভাঙার শব্দ বাইরে থেকে সবসময় শোনা যায় না। কখনো তা শোনা যায় শিশুর হঠাৎ চুপ হয়ে যাওয়া, স্কুল থেকে ফিরে ঘরে ঢুকতে না চাওয়া কিংবা রাতে মায়ের হাত আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ার মধ্যে। পরিসংখ্যান সেই কান্নার হিসাব রাখে না। কিন্তু সভ্য সমাজের দায়িত্ব হলো, সেই নীরব কান্নাকেও গুরুত্ব দেওয়া।
কারণ শেষ পর্যন্ত প্রশ্নটি শুধু কতটি সংসার ভাঙল, তা নয়। প্রশ্ন হলোÑযে সংসারগুলো টিকে আছে, সেগুলোর ভেতরে মানুষ কতটা নিরাপদ; আর যে সংসারগুলো ভেঙে গেছে, সেখানকার শিশুরা কতটা ভালোবাসা নিয়ে বড় হওয়ার সুযোগ পাচ্ছে। ঘর বাঁচানোর চেয়ে বড় দায়িত্ব মানুষকে বাঁচানো; আর সন্তানের জন্য সবচেয়ে জরুরি উপহার হলো এমন এক পৃথিবী, যেখানে ভালোবাসার সঙ্গে ভয়কে একসঙ্গে বসবাস করতে হয় না।
লেখক: প্রধান সম্পাদক, নাগরিক চোখ