হোম > রাজনীতি

মেট্রোরেলে হাফ প্যান্ট পরিধানের বিতর্কিত কর্মসূচি প্রত্যাহারে যুব মজলিসের আহ্বান

স্টাফ রিপোর্টার

প্রতিবাদের নামে পশ্চিমা অপসংস্কৃতি ও অশ্লীলতা ছড়ানোর ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। একই সঙ্গে মেট্রোরেলে হাফ প্যান্ট পরিধান করে চলাচলের ঘোষিত কর্মসূচি প্রত্যাহারে যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনে এক ব্যক্তির পোশাককে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাকে পুঁজি করে আগামী বৃহস্পতিবার ‘শর্টস পরেই মেট্রোতে উঠি!’ শিরোনামে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তাদের মতে, একটি মুসলিমপ্রধান রাষ্ট্রে এ ধরনের কর্মসূচি সামাজিক শালীনতা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি পশ্চিমা অপসংস্কৃতি ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা।

তারা বলেন, যেকোনো নাগরিক হয়রানির বিরুদ্ধে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। তবে প্রতিবাদের নামে ধর্মীয় অনুভূতি, সামাজিক শালীনতা ও তাহজিব-তমাদ্দুনকে উপেক্ষা করে জনসম্মুখে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা দেশের সচেতন যুবসমাজ মেনে নেবে না।

নেতৃবৃন্দ যুবসমাজকে এ ধরনের অপসংস্কৃতিবিরোধী রাজনৈতিক অপকৌশলের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে তারা পোশাক ও লজ্জাশীলতার বিষয়ে ইসলামের নির্দেশনার কথা তুলে ধরেন। তারা বলেন, মহান আল্লাহ তায়ালা সূরা আল-আরাফে পোশাককে মানুষের লজ্জাস্থান আবৃতকারী ও সৌন্দর্যের উপকরণ হিসেবে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ (সা.) লজ্জাশীলতাকে ঈমানের বিশেষ শাখা হিসেবে ঘোষণা করেছেন।

এ ছাড়া সূরা আন-নূরে মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রসারের ব্যাপারে কঠোর সতর্কবার্তা রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

নেতৃবৃন্দের মন্তব্য, মেট্রোরেলের মতো সর্বজনীন গণপরিবহনে দলবদ্ধভাবে হাফ প্যান্ট পরে চলাচলের কর্মসূচি তরুণ প্রজন্মের নৈতিক ও সামাজিক মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তারা বলেন, কোনো নাগরিক হয়রানির প্রতিবাদ করার ক্ষেত্রে নিয়মতান্ত্রিক ও শালীন পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। প্রতিবাদের নামে এমন কোনো কর্মসূচি গ্রহণ করা উচিত নয়, যা ধর্মীয় অনুভূতি, সামাজিক শালীনতা ও প্রচলিত তাহজিব-তমাদ্দুনকে উপেক্ষা করে।

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতৃবৃন্দ বলেন, আবেগ ও জেদের বশে কোনো উসকানিমূলক কর্মসূচির অংশ না হয়ে আগামী বৃহস্পতিবারের কথিত প্রতীকী কর্মসূচি অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।

একই সঙ্গে অপসংস্কৃতির প্রভাব থেকে যুবসমাজকে রক্ষা করে মেধা, নৈতিকতা ও আদর্শের সমন্বয়ে ইসলাম ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

প্রশাসন যদি জালিমের ভূমিকা পালন করে, আমরা রুখে দাঁড়াব: জামায়াত আমির

‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’

স্থানীয় নির্বাচন ও চলমান ইস্যুতে জনমত গড়ছে জামায়াত

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেপ্তার

দেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ

প্রতিশ্রুতি দিয়েও নন-এমপিও শিক্ষকদের বেতনভুক্ত করছে না সরকার: মুজিবুর রহমান

রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের

চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক

মোহাম্মদপুরে শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের হিজাব ও টুপি বিতরণ