ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমের খাগড়াছড়িতে গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, একজন ছাত্রনেতার রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁর গ্রামের বাড়িতে হামলা এবং সেখানে অবস্থানরত তাঁর বাবা-মায়ের জীবন বিপন্ন করার চেষ্টা অত্যন্ত কাপুরুষোচিত, ন্যক্কারজনক ও উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্য কখনো কারও পরিবারের নিরাপত্তা বিঘ্নিত করা কিংবা নিরীহ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলার অজুহাত হতে পারে না।
ডা. ইরান বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক সহাবস্থান প্রতিষ্ঠার পরিবর্তে ভয়ভীতি, সন্ত্রাস ও প্রতিহিংসার রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলার পেছনে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বা উদ্দেশ্য বিবেচনায় না নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে।
তিনি অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সাদিক কায়েম এবং তাঁর পরিবারের সদস্যদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।