হোম > রাজনীতি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

স্টাফ রিপোর্টার

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য তাদের চলমান আন্দোলন কর্মসূচি নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। শীর্ষ নেতাদের আসন্ন বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে। পূর্বঘোষিত ২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ আনুষ্ঠানিকভাবে স্থগিত বা বাতিল করা হয়নি, তবে আপাতত এর কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে জোটটি।

গতকাল শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এদিকে আজ রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক হবে। বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

ভিডিও বার্তায় হামিদুর রহমান আযাদ বলেন, সিলেটের লংমার্চ স্থগিত হয়েছে, নাকি নতুন কর্মসূচি আসছে—এ নিয়ে প্রশ্ন উঠছে। ৬ আগস্ট আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণার ব্রিফিংয়ে চারটি বিভাগীয় শহরমুখী লংমার্চের কথা জানানো হয়েছিল। এগুলো হলো ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে রংপুর, ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া এবং ঢাকা থেকে সিলেট।

তিনি জানান, সিলেট অভিমুখী সড়কপথের অবস্থা বেশ খারাপ হওয়ায় লংমার্চের উপযোগী পরিবহনের ব্যবস্থা করা কঠিন ছিল। এ কারণে ঢাকা থেকে সিলেট পর্যন্ত লংমার্চটি ট্রেনে করার পরিকল্পনা করা হয়। এসব ছিল প্রাথমিক ঘোষণা এবং সে অনুযায়ী তারিখও ঘোষণা করা হয়েছিল।

আযাদ বলেন, পরে প্রস্তুতি নিতে গিয়ে কর্মসূচিগুলো সংশোধন করা হয় এবং তারিখও পুনর্বিন্যাস করা হয়। সর্বশেষ ৩১ অক্টোবর খুলনা অভিমুখে লংমার্চ হয়েছে। স্বাভাবিকভাবেই সিলেটের পূর্বঘোষিত ২১ নভেম্বরের লংমার্চ হবে কি না, সে প্রশ্ন সামনে এসেছে। তিনি জানান, এরপর আর চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হয়নি। খুলনা ও কুষ্টিয়ার লংমার্চ শেষে শীর্ষপর্যায়ের আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে এ পর্যন্ত বাস্তবায়িত কর্মসূচির মূল্যায়ন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী কর্মসূচি ও আন্দোলনের কর্মকৌশল নির্ধারণ করা হবে।

ওই বৈঠক এখনো হয়নি জানিয়ে তিনি বলেন, খুব শিগগির নেতারা বৈঠকে বসবেন। এর মধ্যে আগের কর্মসূচি বহাল থাকবে। নতুন কর্মসূচি আবার ঢেলে সাজানো হবে এবং আন্দোলনের কৌশলের বিষয়টি সেখানে গুরুত্ব পাবে। সব বিষয় শীর্ষ বৈঠকেই নির্ধারিত হবে।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘২১ তারিখকে সামনে রেখে আমরা আপাতত প্রস্তুতি নিচ্ছি না—এটুকু বলা যায়। বাকি সিদ্ধান্ত শীর্ষ বৈঠকে হবে।’

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা