হোম > রাজনীতি

জুলাই সনদের আগে নির্বাচনি রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের শামিল: এনসিপি

স্টাফ রিপোর্টার

নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে ইতিবাচকভাবে দেখলেও জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোন সিদ্ধান্ততে উপনীত না হয়ে এ রোডম্যাপ ঘোষণা ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় অবস্থান তুলে ধরেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এদিন সারা দেশে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে চার দিনের ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করা হয়।

লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিলো বিচার ও সংস্কার। সেই লক্ষ্যে সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে যেখানে অন্যান্য রাজনৈতিক দলের মতো এনসিপিও নিজেদের মতামত তুলে ধরে।

তিনি বলেন, এই সংস্কার কার্যক্রম চূড়ান্ত করার লক্ষ্যে ঐকমত্য কমিশন প্রণীত জুলাই সনদের খসড়া কিছুদিন আগে আমাদের কাছে এসে পৌঁছায় এবং এ বিষয়ে আমরা আমাদের মতামত তুলে ধরে তা কমিশনের কাছে জমা দিয়েছি। যদিও, জুলাই সনদের খসড়ায় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার কোন রোডম্যাপ না থাকা আমাদের হতাশ করেছে।

আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই সনদ বাস্তবায়নের ৬টি উপায় নিয়ে ঐকমত্য কমিশনে মতামত পাওয়া গেছে যার মধ্যে আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি। অন্যান্য দলের প্রস্তাবে গণভোট ও সংবিধান সংস্কার সভাসহ বিভিন্ন প্রস্তাব রয়েছে। কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে, তার সাথে নির্বাচনি প্রস্তুতির সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, এই আলোচনা চলাকালেই প্রধান উপদেষ্টার একপাক্ষিকভাবে নির্বাচনের সময় ঘোষণা আমাদের ‘হতবাক করলেও, বৃহত্তর স্বার্থে আমরা তা মেনে নিয়েছিলাম। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিলো, ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। সে ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।

তিনি বলেন, আমরা আশা করেছিলাম, নির্বাচনি রোডম্যাপ প্রকাশের পূর্বেই সরকার সংস্কার বিষয়ক পর্যাপ্ত অগ্রগতি অর্জনের রোডম্যাপ প্রকাশ করা হবে। কিন্তু আমরা হতাশার সাথে লক্ষ্য করছি অজানা কারণে ঐকমত্য কমিশনের পরবর্তী দফার বৈঠক পেছানো হয়েছে এবং এখনো জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার উপায় নির্ধারিত হয়নি।

আরিফুল ইসলাম আদীব বলেন, আমরা মনে করি, ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন প্রয়োজন, আমরা কোনোভাবেই নির্বাচন বিরোধী নই। সেদিক থেকে রোডম্যাপ ঘোষণা ইতিবাচক তবে, যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি হবে, তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে, যার দায় সরকারকেই নিতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল, সাইফ মোস্তাফিজ, মুশফিক উস সালেহীনসহ কেন্দ্রীয় নেতারা। সংবাদ সম্মেলন থেকে সারা দেশে চার দিনের উঠান বৈঠকের কর্মসূচি ঘোষণা করা হয়।

চার দিনের ‘উঠানে নতুন সংবিধান’ কর্মসূচি

কুড়িগ্রামের ফুলবাড়িতে শুক্রবার, রংপুর সদরে শনিবার ও নীলফামারীর কিশোরগঞ্জে রোববার কর্মসূচিতে নেতৃত্ব দেবেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল ও যুগ্ম মুখ্য সংগঠক এসএম শাহরিয়ার।

নওগাঁ সদরে শনিবার, রাজশাহীর বাঘায় রোববার, সিরাজগঞ্জের শাহজাদপুরে সোমবার এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান।

খুলনা জেলার দকোপে শুক্রবার, সাতক্ষীরার শ্যামনগরে শনিবার, মেহেরপুরের মুজিবনগরে নেতৃত্ব দেবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতউল্লাহ।

সিলেটের দক্ষিণ সুরমায় রোববার, মোলভীবাজারের শ্রীমঙ্গলে সোমবার এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, সংগঠক নাহিদ উদ্দিন তারেক।

মানিকগঞ্জের সাটুরিয়ায় শুক্রবার, টাঙ্গাইলের ঘাটাইলে শনিবার, ময়মনসিংহের ভালুকায় রোববার এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া, যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার।

মাদারীপুরের সদরে শুক্রবার, ফরিদপুর সদরে শনিবার, শরীয়তপুরের জাজিরায় রোববার এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।

কুমিল্লার দেবীদ্বারে শুক্রবার, ব্রাহ্মণবাড়িয়ার বিধিননগরে শনিবার, আশুগঞ্জে রোববার এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন এনসিপির মুখ্য দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মীতু।

কক্সবাজারের মহেশখালীতে শুক্রবার, চট্টগ্রামের চন্দনাইশে শনিবার, বোয়ালখালি ও বাঁশখালিতে রোববার এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন।

পিরোজপুর সদরে শনিবার, ঝালকাঠির রাজাপুরে রোববার এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, সংগঠক আরমান হোসাইন।

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে