হোম > রাজনীতি

বিএনপি, জামায়াত ও এনসিপিকে বিভেদ বন্ধের আহ্বান এবি পার্টির

স্টাফ রিপোর্টার

বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপিকে বিভেদ বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

গতকাল সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে মিছিলের শুরুতে এ আহ্বান করেন মঞ্জু।

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনারের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা,নাসরিন সুলতানা মিলি।

মঞ্জু বলেন, গণঅভ্যুত্থানে দলের ব‍্যানারে না হলেও নির্দলীয় অবস্থান থেকে সর্বোচ্চ সমর্থন ও ভূমিকা রেখেছে বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তাদের শত শত নেতা-কর্মী শাহাদাত বরণ করেছেন এবং হাজার হাজার সমর্থক আহত-পঙ্গু হয়েছেন। কিন্তু এখন কোন দলের অবদান বেশি, তা নিয়ে তারা পরস্পরকে আক্রমণ করে কথা বলছে।

তিনি বলেন, গত বছরের জুলাইয়ের শুরু থেকে এবি পার্টিসহ কয়েকটি দল দলীয় ব‍্যানারে বৈষম‍্যবিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছে। ৪ আগস্ট দলের সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার ফুয়াদ দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ছাত্রদের আহ্বানে দেশবাসীকে ঢাকামুখী হওয়ার আহ্বান জানিয়েছিলেন। জুলাই-আগস্ট জুড়ে এবি পার্টি প্রকাশ‍্য দলীয় ব‍্যানারে রাজপথে সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, কারা নির্যাতন ভোগ করেছে। আমাদের অংশগ্রহণ ছিল দলগত, তবে আমরা মনে করি আমাদের অবদান অতি ক্ষুদ্র ও নগন‍্য। বিএনপি, জামায়াত ও এনসিপির নেতা কর্মীরা নির্দলীয় পরিচয়ে সবচাইতে বেশী ত‍্যাগী অবদান রেখেছে এই অভ‍্যুত্থানে। কিন্তু এখন তারা দলীয়ভাবে ক্রেডিট নিতে গিয়ে বিবাদে জড়াচ্ছেন যা মোটেও কাঙ্ক্ষিত নয়। তিনি বলেন দলীয়ভাবে এনসিপি কোন অবদান দাবি করতে পারেনা কারণ এনসিপির জন্ম হয়েছে অভ‍্যুত্থানের পর। এনসিপির নেতৃত্বে এখন যারা আছেন তাদেরকে গণঅভ্যুত্থানের মূল নেতা উল্লেখ করে তিনি বলেন, অবদানের বিতর্কে জড়িয়ে কেউ কাউকে আপোষকামী এবং সাবেক ছাত্রলীগ বলে সম্বোধন করা উচিত নয়। তিনি দেশ ও জাতির কল্যাণে বিএনপি, জামায়াত ও এনসিপিকে এ জাতীয় বিভেদ বন্ধ করার আহ্বান জানান।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই ঘোষণাপত্র যদি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ও আলোচনার মাধ্যমে প্রণয়ন হতো, তাহলে এটি একটি ঐতিহাসিক দলিলে পরিণত হতো। কিন্তু তা না করে একতরফাভাবে এটি উপস্থাপন করাটা শোভনীয় হচ্ছে না। আমরা জানি না, এটি কোথায়, কার মাধ্যমে এবং কী প্রক্রিয়ায় চূড়ান্ত করা হয়েছে। জুলাই সনদ প্রায় প্রস্তুত। কিন্তু সেটি কীভাবে বাস্তবায়ন করা হবে—সেই রূপরেখা আমাদের জানানো হয়নি। সুতরাং, জুলাই সনদকে কার্যকর করতে হলে আগে তার বাস্তবায়নের প্রক্রিয়া সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হবে।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান