সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন জন এবং বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই শোক জানান।
বিবৃতিতে তিনি বলেন, “বরগুনা সদর এলাকায় চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু ও তাঁদের এক মেয়ের আহত হওয়া এবং সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যু খুবই বেদনাদায়ক ঘটনা। এসব হতাহতের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও শোক প্রকাশ করছি। আমি নিহতদের রুহের মাগফিরাত ও আহতের দ্রুত সুস্থতা কামনা করছি।”
অ্যাডভোকেট জুবায়ের বলেন, “বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে একটি মুদির দোকানের ওপর বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে। টিনের তৈরি দোকান হওয়ায় মুহূর্তের মধ্যে পুরো দোকানে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এ সময় প্রথমে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার বাবা নুরুল আমিন এবং পরে মা ফাতেমা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তাদের মৃত্যু হয়।”
তিনি আরও বলেন, “বিদ্যুতায়িত হয়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও সার্বিক সহযোগিতার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সারা দেশের ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত মেরামতের আহ্বান জানাচ্ছি। বিশ্বম্ভরপুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। এ ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তার গাফিলতি থাকলে তাকেও শাস্তির আওতায় আনতে হবে। এ ছাড়া বরগুনায় আহত শিশুর সুচিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করছি।”