‘বাংলাদেশ সব দেশের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়’ এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না এমনটা জানিয়ে তিনি বলেন, প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করার ভিত্তিতেই সম্পর্ক হতে হবে।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, সমতা, মিউচুয়াল রেসপেক্ট এবং সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সঙ্গেই আমাদের প্রধানমন্ত্রী সম্পর্ক রাখবেন। তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাব।’
ভারতের প্রসঙ্গে তিনি বলেন, স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে। তবে স্বার্থ থাকলে বাংলাদেশ এগোবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও সমমর্যাদার ভিত্তিতে হবে। এর বাইরে কিছু হলে বিএনপি সরকার সায় দেবে না।
বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে বলে আশা প্রকাশ করেন রিজভী।
এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।