বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাসিক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় বুধবার দিনব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দারসুল কুরআনের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়। পরে বিগত মাসের সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, বিভিন্ন বিভাগের অগ্রগতি পর্যালোচনা এবং জুলাই মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় নিয়মিত কার্যক্রমের পাশাপাশি শাখাসমূহের ষাণ্মাসিক রিপোর্ট প্রস্তুত, গ্রহণ ও মূল্যায়ন এবং কেন্দ্রীয় বিভিন্ন বিভাগের রিপোর্ট গ্রহণ ও পর্যালোচনা করা হয়
জুলাই মাসকে শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করে বিশ্ববিদ্যালয় ও অনার্স কলেজে ক্যারিয়ার গাইডলাইনমূলক কার্যক্রম পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল-পরবর্তী শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
একই সঙ্গে চলমান বৃক্ষরোপণ কর্মসূচি আরও গতিশীলভাবে বাস্তবায়ন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিচালিত সচেতনতামূলক ক্যাম্পেইন আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বলেন, দায়িত্বশীলদের নিজেদের আদর্শিক, নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়নের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রত্যেক জনশক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ, তত্ত্বাবধান, প্রশিক্ষণ ও আন্তরিক পরিচর্যার মাধ্যমে তাদের দক্ষ, আদর্শবান ও দায়িত্বশীল কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তি গঠন, ইখলাস, জবাবদিহিতা এবং সময়ানুবর্তিতার চর্চায় সবাইকে আরও মনোযোগী হতে হবে।
বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি গভীরভাবে অনুধাবন করে প্রজ্ঞা, দায়িত্ববোধ ও দূরদর্শিতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করতে হবে। এ কর্মসূচির মাধ্যমে জুলাইয়ের আত্মত্যাগ, গণ আকাঙ্ক্ষা এবং ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে।
তিনি প্রতিটি কর্মসূচি সুশৃঙ্খল, পরিকল্পিত ও জনসম্পৃক্তভাবে বাস্তবায়নের জন্য সব স্তরের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।
পরিশেষে কেন্দ্রীয় সভাপতির সমাপনী বক্তব্য এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে বৈঠক সমাপ্ত হয়।
এআরবি