ঢাকাসহ সারাদেশে নিষিদ্ধ ঘোষিত গণহত্যাকারী আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গুপ্ত হামলা, দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি ও দেশ-বিরোধী নানা ষড়যন্ত্রের প্রতিবাদ এবং জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিল-নয়াপল্টন এলাকা প্রদক্ষিণ করে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, কোনো একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে রক্ষার প্রতিশ্রুতি দিলেও জনগণ তা রুখে দিবে। কোনো অবস্থাতেই জনগণ আওয়ামী লীগকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দিবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ ১৫ বছরের দুর্নীতির টাকায় বিদেশে পালিয়ে থেকে দেশে কিছু সন্ত্রাসী দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে রাজপথ দখলে নেওয়ার স্বপ্ন দেখছে। জনগণ তাদের সেই স্বপ্ন পূরণ হবে না, তা প্রতিহত করবে। প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় ও আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনগণ চুপ করে বসে থাকবে না। তখন কিন্তু আইনের দোহাই দেওয়া চলবে না। জনগণ যদি আইন হাতে তুলে নেয় তবে আওয়ামী লীগের পরিণতি হবে ভয়াবহ।
তিনি আরো বলেন, যারা পিআর বুঝে না, তাদের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নাই। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সকল গণহত্যার বিচার নিশ্চিত করে পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
ড. মাসুদ বলেন, জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিপ্লবী নেতা আখতার হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে হেনস্থা করার ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশ মিশন দায় এড়াতে পারবে না। সেখানকার বাংলাদেশ মিশনে কর্মরত আওয়ামী দোসরদের সহযোগিতায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খানের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন শাহজাহানপুর পূর্ব থানা আমির মাওলানা শরীফুল ইসলাম, পল্টন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন শাহবাগ পূর্ব থানা আমির আহাসন হাবীব, শাহবাগ পশ্চিম থানা আমির অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মোতাসিম বিল্লাহসহ ঢাকা-৮ আসনের সাংগঠনিক বি থানা দায়িত্বশীল নেতারা।