কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়লেও প্রয়োজনীয় নারীবান্ধব ও পরিবারবান্ধব সুযোগ-সুবিধার ঘাটতি এখনও রয়েছে বলে সংসদে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ। কর্মজীবী মায়েদের জন্য ব্রেস্টফিডিং ও ল্যাকটেশন সুবিধা, ডে-কেয়ার ব্যবস্থা এবং স্বামী বা পরিবারের কাছাকাছি কর্মস্থলে পদায়ন ও বদলির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এসব দাবি জানান।
মারদিয়া মমতাজ বলেন, কর্মজীবী নারীদের জন্য কর্মপরিবেশ আরও সহায়ক করতে ব্রেস্টফিডিং ও ল্যাকটেশন সুবিধা এবং ডে-কেয়ার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে স্বামী বা পরিবারের নিকটবর্তী কর্মস্থলে নারীদের পদায়ন এবং বদলির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করা দরকার।
তিনি বলেন, ‘নারীদের জন্য নমনীয় ছুটির ব্যবস্থা, কর্মস্থলে পর্যাপ্ত স্যানিটারি আইটেম ভেন্ডিং মেশিন স্থাপন এবং পেইড মেনস্ট্রুয়াল হেলথ লিভ চালুর বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’
ক্যাজুয়াল লিভ ব্যবস্থায় আরও নমনীয়তা আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ছুটি এবং বেতন সুরক্ষার বিষয়টিও বিবেচনা করা উচিত।
সরকারি ও বেসরকারি উভয় কর্মক্ষেত্রে নারীবান্ধব ও পরিবারবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিদ্যমান নীতিমালা পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংস্কারেরও দাবি জানান মারদিয়া মমতাজ।